- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
শহরের শান্তিবাগ আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেড বাসা পুড়ে ছাই হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭ টায় রান্নাঘরের গ্যাসের চুলার নিচে রাখা ন্যাকড়ে থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনে পুড়ে ছাই হয়েছে শান্তিবাগ ব্লক সি ১৫ নং বাসাটি। আগুনে পুড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। লোকজন বাসা থেকে দ্রুত বের হয়ে যাওয়ায় কেউ আহত হন নি।
স্থানীয় লোকজনের অভিযোগ, ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক ফোনে খবর জানানোর জন্য আধঘণ্টা চেষ্টা করেও ফোনে কাউকে পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। পরে প্রতিবেশী ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি শুভংকর মন্ডল মোটরসাইকেল যোগে ফায়ার সার্ভিস অফিসে গিয়ে তাদের নিয়ে আসে। এদিকে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সোয়া ৭ টায় শান্তিবাগ এলাকার সুব্রত সরকারের বাসার এক ভাড়াটিয়ার ঘরের গ্যাসের চুলার নিচে রাখা ন্যাকড়ায় প্রথমে আগুন ধরে। পরে সেই আগুন সারা বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে বিফল হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর করে নিয়ে আসা হলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি শুভংকর মন্ডল বলেন, ‘আমার স্ত্রীর কাছ থেকে ফোনে খবর পেয়ে মোটরসাইকেলে গিয়ে ফায়ার সার্ভিসকে সাথে করে নিয়ে আসি। এর আগে কেউ তাদের ফোন করেছে কিনা আমার জানা নেই।’
তবে অভিযোগ অস্বীকার করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা পূর্নেন্দু সিংহ বলেন, ‘আমাদের আধঘণ্টা আগে ফোন করা হয়েছে এই অভিযোগ সঠিক নয়। যখনই আমরা ফোন পেয়েছি সাথে সাথে রওনা হয়েছি। ওই এলাকার রাস্তাঘাট সরু ও রাস্তায় ইট-পাথর থাকায় যেতে একটু সময় লেগেছে।’

 

  • [১]