স্টাফ রিপোর্টার
বেপরোয়া, নেশাগ্রস্ত শামীম এলাকায় ইয়াবা ব্যবসা করতো বলে একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছে। সে গ্রামের বখাটে তরুণদের নেতৃত্ব দিতো। ৮ মাস আগে ইয়াবাসহ ডিবি পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। ইয়াবা বিক্রির দায়ে ৬ মাস জেলও খেটেছে শামীম।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলেছুর রহমান জানান, ইয়াবাসহ ডিবি পুলিশ শামীমকে গ্রেপ্তারের পর তারা জেনেছেন সে ইয়াবা ব্যবসায়ী। এর আগে সে গাঁজাখোর ছিল বলে জানতেন তিনি। জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর শিবলী মজুমদার জানিয়েছেন, এলাকার অনেকেই বলেছেন শামীম ইয়াবা ব্যবসায়ী।
সুনামগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হায়াতুন নবী বললেন, শামীম পুলিশের হাত থেকে রক্ষা পাবে না। পুলিশ তাকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৪ টা) পুলিশ মামলা গ্রহণের কাজ করছে বলে জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার।