তাহিরপুর প্রতিনিধি
গাছ থেকে লেবু ছেঁড়ার কারণে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক যুবক কে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামে। আহত প্রতিবন্ধী যুবকের নাম মো. তৌফিক মিয়া। সে একই ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত এজাহার দিয়েছে ।
এজাহার সুত্রে জানা যায়, প্রতিবন্ধী যুবক তৌফিক মিয়া প্রতিদিন লোকজনের কাছ থেকে চেয়ে তার নিজের খাবার সংগ্রহ করে। গত বুধবার সকালে বাজারে যাওয়ার পথে সে ঠাকুরহাটি গ্রামের রাস্তার পাশে মৃত শামছুল হকের বাড়ির লেবু গাছ থেকে লেবু ছিড়ে হাতে নেয়। বিষয়টি দেখে ফেলে শামছুল হকের ছেলে মুরাদ মিয়া ও সাজিদুর রহমান। এ সময় তারা রেগে গিয়ে তৌফিক কে বেঁধে লাঠি পেটা করে। এতে প্রতিবন্ধী তৌফিকের বুক, পিঠ ও হাতে রক্তাক্ত জখম হয়। ঘটনা শুনে গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জোসেফ আখঞ্জি তাকে গতকাল বৃহস্পতিবার ইউএনও কার্যালয়ে নিয়ে আসেন । জোসেফ আখঞ্জি বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেছেন।
জোসেফ আখঞ্জি বলেন, লেবু ছেঁড়ার অপরাধে প্রতিবন্ধী যুবককে বেঁধে রক্তাক্ত পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ ঘটনায় আমার হৃদয় রক্তাক্ত হয়েছে তাই আইনের পথে থেকে প্রতিকার চাইছি।
অভিযুক্ত মুরাদ মিয়া বলেন, আসলে আমরা সবাই প্রতিবেশী। তৌফিক ভোরবেলা কাঠাঁল চুরি করতে এসেছিল। লাঠিপেটার ঘটনা অস্বীকার করে বলেন আমরা সবাই স্বজন আমার কোন ভুল হলে গ্রামবাসী নিয়ে সংশোধন করব।
তাহিরপুর থানার অফিসার ইন চার্জ আতিকুর রহমান বলেন, প্রতিবন্ধী যুবককে মারধোর করে জখম করেছে। স্থানীয় একজন তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং বাদী হয়ে এজাহার দাখিল করেছেন। তৌফিক কে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। অপরাধীকে শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।