স্টাফ রিপোর্টার, শাল্লা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে শনিবার মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সকালে স্থানীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রেসক্লাব, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ স্কুল—কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টায় স্থানীয় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে এবং পোড়ারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন তালুকদার ও গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা চক্রবর্তী যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। পরে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদের গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে প্রশাসনের পক্ষ থেকে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। এসময় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা স্মারকও তুলে দেয়া হয়। দুপুর ১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্য দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।