স্টাফ রিপোর্টার
এনটিআরসি’র শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতি করে হুসাইন আহম্মদ শাহিদী নামের এক শিক্ষক চাকুরী করেছেন বলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শাল্লা উপজেলা সদরে অবস্থিত শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ে।
এ বিষয়ে উপজেলার কান্দিগাঁও গ্রামের মৃত. কিতাব আলীর ছেলে মো. ইকরামুল হোসেন ১৭ নভেম্বর এই লিখিত অভিযোগ করেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, ২০১০ সালের ১৭ আগস্ট তারিখে ইনডেক্স নাম্বার -১০৫২০৮৬ এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন সনদের রোল নং ১০৭২৫০১৮ দেখিয়ে হুসাইন আহম্মদ শাহিদী বিদ্যালয়ে মৌলভী শিক্ষক হিসেবে যোগদান করেন।
অনুসন্ধানে দেখা যায়, এনটিআরসি’র সনদের এই রোল নাম্বার মো. হাফিজুর রহমান নামের অন্য এক ব্যক্তির। সনদ তৈরিতে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এনিয়ে অভিযোগকারী ইকরামুল হোসেন বলেন, হুসাইন আহম্মদ শাহিদী এলাকার খুব প্রভাবশালী মানুষ। তার ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না। আমি সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে লিখত অভিযোগ করেছি।
এ নিয়ে শিক্ষক হুসাইন আহম্মদ শাহিদীর ব্যক্তিগত ফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, অভিযোগের বিষয়ে তিনি অবগত নন।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগটির উপর তদন্তপুর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।