শাল্লা প্রতিনিধি
শাল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতা, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের বিশ্বস্ত রাজনৈতিক সহচর, বাহাড়া (সদর) ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নরেশ চৌধুরীর স্মরণে শোক র্যালি ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বেলা সাড়ে ১১ টায় শোক র্যালি শাল্লা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১২টায় উপজেলা
কেন্দ্রীয় শহীদ মিনারে শোক সভায় মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা ফেনী ভূষন সরকার ও অজয় তালুকদারের যৌথ সঞ্চালনায় শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রয়াত নরেশ চৌধুরীর বড় ছেলে বিশ্বজিৎ চৌধুরী নান্টু।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমান, সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, বাহাড়া ইউপির প্রাক্তন চেয়ারম্যান রামানন্দ দাস, আটগাঁও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ-কল্যাণ বিষয়ক সম্পাদক নওশের মনির সহ কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগের স্থানীয় নেত্রীবৃন্দ।
শোক সভার শুরুতে মৃতের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তরা নরেশ চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, নরেশ চৌধুরী গত ২২ সেপ্টেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সে মারা যান।