- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় এইচএসসির প্রবেশপত্র উত্তোলনে অর্থ আদায়

শাল্লা প্রতিনিধি
কেন্দ্র ফি আদায়ের নামে শাল্লা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে প্রবেশপত্র বাবদ ৫০০ টাকা আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। প্রতি বছরই এ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র উত্তোলনে অর্থ আদায় করার বিষয়টি নিয়ে অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
শাল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুশ শহীদ জানিয়েছেন কলেজের গর্ভনিং বডির সভায় বসে এই টাকা আদায়ের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রের খরচের জন্য এই টাকা নেয়া হচ্ছে। এই টাকা কারো পকেটে ঢুকবে না।  
জানা যায়, এ কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও হিসাব বিজ্ঞান শাখায় মোট ২৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত মঙ্গলবার সকাল থেকে প্রবেশ পত্র বিতরণ শুরু হলে পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে কলেজে আসেন। প্রবেশপত্র উত্তোলনে টাকা লাগার বিষয়টি আগে থেকে জানা না থাকার কারণে টাকা ছাড়া কলেজে এসে বিপাকে পড়েন অনেক পরীক্ষার্থী। পরে তাঁরা কলেজ কর্তৃপক্ষের দাবির টাকা পরিশোধ করে প্রবেশপত্র উত্তোলন করেন। কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কোন রশিদ দিচ্ছেন না।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী জানান, কলেজের সকল বকেয়া পরিশোধ করে ফরম পূরণ করলেও প্রবেশপত্র বাবদ কেন টাকা রাখা হচ্ছে তাঁরা তা জানেন না। প্রবেশপত্র না পেলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তাই তাঁরা ৫০০ টাকা দিয়ে প্রবেশপত্র উত্তোলন করতে বাধ্য হচ্ছেন।
শাল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুশ শহীদ জানান, প্রবেশপত্র বাবদ কোনো টাকা রাখা হচ্ছে না। কেন্দ্রের নানা খরচ বহনের জন্য প্রত্যেক পরীক্ষার্থীর কাছে ৫০০ টাকা করে কেন্দ্র ফি আদায় করা হয়েছে। এভাবে প্রতি বছরই আদায় করা হয়। এটা কোন কিছু নয়, শুধু আমরাই আদায় করি না। এভাবে দেশের সকল কলেজ কর্তৃপক্ষই শিক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্রের খবর বাবদ ফি আদায় করেন। না হলে আমাদের পকেট থেকে কেন্দ্রের খরচ চালাতে হবে।’

  • [১]