- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় এডিপির ৬ প্রকল্পের বরাদ্দ লোপাট

পিসি দাশ পীযূষ, শাল্লা
শাল্লায় এলজিইডির বাস্তবায়নাধীন এডিপির প্রকল্পের কাজ সম্পন্ন না করে বরাদ্দকৃত অর্থ  লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক ২০১৫/১৬ ইং অর্থ বছরে শাল্লা এলজিইডি স্মারক নং ৩৬৭ তারিখ ১৫.০৩,১৬ ইং দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৮ লাখ ৮৩ হাজার টাকার ১৭ টি প্রকল্প টেন্ডার এবং পিআইসির মাধ্যমে ১০ টি প্রকল্প কাজের বরাদ্দ দেওয়া হয়। এই সব কাজের মধ্যে পিআইসির প্রকল্পগুলোর কাজ হলেও টেন্ডারকৃত ১৭টি প্রকল্পে মধ্যে ১০টি প্রকল্পে  ৫০ ভাগ হলেও দরপত্রের ১৪নং প্রকল্প বাহাড়া ইউপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ (১ লাখ টাকার) মালামাল সরবরাহের বিষয়ে বাহাড়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কিছুই জানেন না বলে এ প্রতিবেদককে জানান।  এছাড়া আরো     
৬ টি প্রকল্পের ৫ লাখ টাকার  কাজ না করেই সবগুলো প্রকল্পের কাজ সমাপ্ত দেখিয়ে নয় ছয় করে ৩০ শে জুন সিন্ডিকেটের মাধ্যমে টাকা উত্তোলন করেন কর্তৃপক্ষ।
অনুসন্ধানে দেখা যায়, একেবারেই কাজ হয়নি আটগাঁও ইউপির সরমা বাধেঁ ১টি কালভার্ট নির্মাণ ও বাঘালির ঘোপাটের মধ্যে ১টি কালভার্ট নির্মাণ, হবিবপুর ইউপির নেয়াগাঁও গ্রামের পাশে আতুয়ার খারায় ১টি কালভার্ট নির্মাণ ও নলীর বন্দের কুইরাতি খারায় ১টি কালভার্ট নির্মাণ, সুলতানপুর কানাইখালীর নতুন রাস্তায় সিরাজ মিয়ার জমির পাশে ১টি কার্লভার্ট নির্মাণ এবং শাল্লা ইউপির ইয়ারাবাদ মসজিদ হাটিতে ঘাট নির্মাণ  কাজের কোনটির হদিস নেই। অথচ এই প্রকল্পগুলোর ৫ লাখ টাকা সিন্ডিকেটের মাধ্যমে উত্তোলন করেছে কর্তৃপক্ষ।
এ নিয়ে উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ারের সাথে ফোনে কথা হলে ৬ টি প্রকল্পের কাজ হয়নি স্বীকার করেন বলেন,‘ সেগুলোর টাকা বিডির মাধ্যমে উত্তোলন করে রাখা হয়েছে। পানি শুকালে এই কাজগুলো করা হবে তিনি জানান। টেন্ডারের ৪ মাস অতিবাহিত হয়ার পর প্রকৌশলীর এই উত্তর এলাকার সাধারণ মানুষ মেনে নিতে পারছে না।
এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আসিফ বিন ইকরামের সাথে কথা বলতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও কথা বলা সম্বব হয়নি।

  • [১]