শাল্লা প্রতিনিধি
শাল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে সজল মিয়া (২৮) নামের এক যুবক নিহতের ঘটনায় শাল্লা থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। এঘটনায় উভয়পক্ষের ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে আধিপত্য ও জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শাল্লা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামান চৌধুরী ওরফে ফুল মিয়া ও জিয়াউর রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এঘটনায় গত ২৯ জানুয়ারি রবিবার নিহতের স্ত্রী সেকুলা বেগম (২৬) বাদী হয়ে ৮৯ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে একই দিনে জিয়াউর রহমান গ্রুপের চাঁন মিয়া (৪৫) বাদী হয়ে ১০১ জনকে আসামী করে আরেকটি মামলা দায়ের করেন। উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলা দায়েরের পর সংঘর্ষস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে।
শাল্লা থানার ওসি বজলার রহমান বলেন, ‘উভয় পক্ষ থানায় মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’