শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলায় পুর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫০জন আহত হয়েছেন। উপজেলার শাল্লা ইউনিয়নের শ্রীহাইল গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শ্রীহাইল গ্রামের ডালিম মিয়া ও জিয়াউর রহমানের মধ্যে জমিজমা নিয়ে পুর্ববিরোধ ছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষ লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে গ্রামে পুলিশ মোতয়েন করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় বিকাল তিনটার দিকে সজল মিয়াকে (৩০) শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সজল মিয়া শ্রীহাইল গ্রামের আব্দুল আলমের ছেলে ও ডালিম মিয়ার পক্ষের লোক। আহতদের সিলেট এসএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ সদর হাসপাতাল, আজমিরিগঞ্জ ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহত শামীম মিয়া (২৫), মাহবুবুর রহমান (২৬), সেফাউল আলম (১৭), সেলিনা বেগম (২৩), আলখাছ মিয়া (৪৫), ইউসুফ মিয়া (৩৫), আলমগীর হোসেন (২৫), ডালিম মিয়া (৩৭), খোকন মিয়া (৪০), পারভেজ আহমদ (২২), রসিক মিয়া
(২৬), মজিবুর রহমান (৫০), আইউব আলী (৪০), মুমিন মিয়া (৩০), ফয়সল আহমদ (৩০), শফিক মিয়া (৪০), মাসুম আহমদ (৩৫), মনির মিয়া (৩৫), মছু শিয়া (৩০), শাহনুর আলী (৪৮), জাসু মিয়া (৩০), আবদুল মালেক (৩৫) ও রকিব মিয়াকে (৩৫) শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা সবাই ডালিম মিয়ার পক্ষের লোক।
সংঘর্ষে অপর পক্ষের আরও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন জিয়াউর রহমানের চাচাতো ভাই মশিউর রহমান। তাদের পক্ষের আহতদের মধ্যে ১৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
শাল্লা থানার ওসি বজলার রহমান জানান, পুর্ববিরোধের জের ধরেই এই সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নিহত সজল মিয়ার লাশ শাল্লা থানায় আছে।