- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় প্রকল্প সভাপতিকে অপসারণ দাবি

শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলার ছায়ার হাওরের ফসনল রক্ষা বাঁধের ১২৪ নং প্রকল্প সভাপতি রঞ্জন সরকার কে অপসারণের জন্য একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের নিকট দাখিল করা হয়েছে। রবিবার কমিটির সদস্য সচিব সহ ৪ সদস্য স্বাক্ষরিত এই অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ছায়ার হাওর ১২৪ নং পিআইসি সভাপতি মুরাদপুর গ্রামের রঞ্জন সরকারের অসহযোগিতার কারণে বাঁধের কাজে বাধা সৃষ্টি হচ্ছে। বাঁধের কাজ করছেন কমিটির ৪ জন সদস্য। সভাপতি একাউন্ট করছেন না, টাকা উত্তোলন করতে আসেন না। এজন্য এক্সেভেটরের মালিককে কাজের টাকা দিতে পারছেন না প্রকল্প সদস্যরা।
অভিযোগে বাঁধ নির্মাণের স্বার্থে রঞ্জন সরকার কে অপসারণ করে কমিটির অন্য যে কোন সদস্যকে সভাপতি নিয়োগ করার দাবি জানানো হয়।
রঞ্জন সরকার বলেন, আমার কমিটির কে সচিব বা কে সদস্য আমি জানি না। বাঁধে যারা কাজ করে তারই টাকা দিবে, আমার কি। আমার প্রয়োজন যখন হবে তখন যাব টাকা উঠাতে।
সদস্য তন্ময় সরকার জানান, কমিটির ৫ সদস্যের মধ্যে ৪ জন কাজ করছে। শুধু সভাপতি একগুয়েমির জন্য টাকা উত্তোলন করতে পারছি না। আমরা কাজ করছি কিন্তু তার জন্য টাকা নিতে পারছি না। তাই নিরুপায় হয়ে সভাপতিকে বদলের জন্য আমরা কমিটির ৪ জন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
বাপাউবো শাখা কর্মকর্তা আব্দুল কাউম বলেন, অভিযোগ পেয়েছি, দু এক দিনের মধ্যে এর সমাধান হবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন জানান, অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]