- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় ফসলরক্ষায় হাওর পূজা

পিসি দাশ, শাল্লা
শাল্লা উপজেলায় প্রাচীন হাওর পূজা অনুষ্ঠিত হয়েছে। এই পূজাকে কেউ কৃষাণ খেলা পূজা আবার কেউ জগন্নাথ পূজাও বলে থাকেন। তবে হাওর পূজা নামেই এলাকায় পরিচিত বেশি। বুধবার সন্ধ্যায় হাওরের বুকে পূজায় প্রচুর লোকের সমাগম হয়। উপজেলার হবিবপুর ইউনিয়নের চাকুয়া, মহেশপুর, পশ্চিম পাড়া, গোপালপুর সহ আরো কয়েকটি গ্রামের মহিলার দিনভর উপবাস করে সন্ধ্যায় হাওরে পূজা শুরু করেন। পূজায় আগত চাকুয়া গ্রামের বনানী সরকার বলেন, হাওরের ফসল মঙ্গলমত যাতে কৃষক বাড়ি নিতে পারে সেই জন্যই এই পূজা করা হয়। আমাদের মা, দাদীরা এই পূজা করেছেন। প্রতি বছর ফাল্গুন মাসের ২০ তারিখ সন্ধ্যার সময় গ্রামের মহিলারা মিলে এই পূজা করেন। পূজায় আসা রুমা রানী দাস বলেন, আমার বিয়ের পর থেকেই আমার শাশুরী মা কে পূজা করতে দেখেছি। এখন আমিও করছি। কেন করেন জানতে চাইলে তিনি বলেন, মুরুব্বিরা বলেছেন কৃষকের মঙ্গল কামনায় এ পুজা করা হয়। শুধু চাকুয়া নয় আশে পাশের বেশ কয়েকটি গ্রামের মহিলারা এ পুজা করে থাকেন বলে তিনি জানান।

  • [১]