শাল্লা প্রতিনিধি
শাল্লায় সীমাহীন বিদ্যুৎ ভোগান্তির প্রতিবাদে এলাকার সকল শ্রেণী পেশার মানুষ মিলিত হয়ে সোমবার অর্ধ দিবস হরতাল ও মানববন্ধন কর্মসূচি করেছে। হরতাল পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রেরণ করেন এলাকাবাসী।
স্মারকলিপিতে উল্লেখ করেছেন, ১৯৮৬ সালে শাল্লা উপজেলায় বিদ্যুতায়ন হবার পর থেকে অদ্যবধি বিদ্যুৎ ভোগান্তি দূর হচ্ছে না। প্রতিনিয়ত লোডসেডিং লেগেই থাকে, মাসে ১৪-১৫ দিন বিদ্যুতহীন অবস্থায় থাকে শাল্লা উপজেলা সদর, বাজার ও আশেপাশের ডুমরা, ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বিদ্যুৎ গ্রাহকরা। গ্রাহকরা নিয়মিত বিদ্যুৎ না পেলেও প্রতি মাসেই মোটা অংকের বিদ্যুৎ বিল আসে। উপজেলা সদর এলাকার বাজারের বৈদ্যুতিক ট্রান্সফরমার বার বার বিকল হয়। পুনরায় ওই ট্রান্সফমার মেরামত করতে হলে দিরাই বিদ্যুৎ অফিসে বাজারের ব্যবসায়ীদের ৫০-৬০ হাজার টাকা উৎকোচ দিতে হয়। উৎকোচের টাকা দিলে কয়েক দিনের মধ্যেই পুরাতন ট্রান্সফরমার লাগিয়ে দেয়া হয়। কিন্তু পুরাতন ট্রান্সফরমার কয়েকদিন যেতে না যেতেই আবার বিকল হয়ে যায়। আবারো উৎকোচ দেয়ার পর ট্রান্সফরমার আনা হয়। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর শাল্লা সদর বাজারের ২৫০ কেভি ট্রাসফরমারটি বিকল হলে বাজারের ব্যবসায়ীরা দিরাই বিদ্যুৎ অফিসে ৬০ হাজার টাকা উৎকোচ দিলে ১৫০ কেভি একটি পুরাতন ট্রান্সফরমার লাগিয়ে দেয়া হয়। সেটিও মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আবারো বিকল হয়ে যায়। তার পর থেকে প্রায় ১ মাস ধরে ওই বাজারে কোন ট্রাসফরমার লাগিয়ে দেয়নি বিদ্যুৎ কর্তৃপক্ষ।
বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ জানিয়ে বলেন,‘বাজার থেকে আর কত টাকা তুলমু আমরা। একটার পর একটা সমস্যা হয় আর টাকা দিয়েই আমাদের কাজ করাই। দিরাই আরই অফিসে (বিদ্যুৎ অফিস) ঘুষ না দিলে কোন কাজই হয় না।’
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ এম আসিফ বিন ইকরাম বলেন,‘শাল্লায় বিদ্যুৎ ভোগান্তি চরম আকার ধারণ করেছে। দিনের পর দিন মাসের পর মাস বিদ্যুতবিহীন অবস্থায় একটি এলাকা চলতে পারে না।’ তিনি আরো বলেন,‘ আমি নিজেই বহুবার দিরাই বিদ্যুৎ অফিসে ফোন করি বিদ্যুৎ সমস্যা নিয়ে কথা বলার জন্য। কিন্তু প্রকৌশলী অনেক সময় ফোনই ধরেন না। এলাকাবাসীর কাছ থেকে স্মারকলিপি পেয়েছি এখন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এ ব্যাপারে কথা বলতে দিরাই বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী আওলাদ হোসেনকে বার বার ফোন করলেও ফোন রিসিভ করেন নি তিনি। অফিসে যোগাযোগ করা হলে পরিচয় না দিয়ে জানানো হয়, অফিসে নতুন ট্রান্সফরমার নেই, তাই শাল্লার ওই স্থানের জন্য পুরাতন একটি ট্রান্সফরমার মেরামতের কাজ চলছে। ২-৩ দিনের মধ্যে শাল্লা উপজেলা সদর বাজারে ট্রান্সফরমার বসানো হবে।