আবু হানিফ, দিরাই
ঢাকা ফেরত একটি বাড়িতে গিয়ে চা পান করার অভিযোগে ৯০ বছরের বৃদ্ধা মাকে বাড়ীতে বের করে দিয়েছেন ছেলেরা। দুইদিন ধরে গ্রামের বাইরে রাস্তায় রাস্তায় ঘুরছেন বৃদ্ধ মহিলা। কেউ খাবার দিচ্ছে না। শাল্লা উপজেলার হবিবপুর ইউপির নিয়ামতপুর গ্রামে এই ঘটনা ঘটে। বৃদ্ধ মহিলা গ্রামের মৃত অক্ষয় দাসের স্ত্রী অমৃতবালা দাস। তার দুই ছেলে যোগেশ দাস ও রণধীর দাস। জানা যায়, গত ১২ এপ্রিল ওই বৃদ্ধা নারীকে গ্রাম ছাড়া করা হয়। এরপর তিনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
অমৃতবালা দাস জানান, ঢাকা থাইক্কা কেডা গ্রামে আইছে, আর এরা কয় আমি বুঝি এরার বাড়িত গেছি। এর লাগি আমারে করোনা কইয়া বাইর কইরা দিছে। মহিলা মেম্বার জ্যোৎস্না রাণী দাসের কথাও ছেলেরা শুনেনি।
ওয়ার্ড সদস্য সুব্রত সরকার বলেন, ঘটনাটি অমানবিক। আমি বিষয়টি ফেইসবুকে দেখে মহিলাকে খুঁজে বের করে তার বাড়িতে পৌঁছে দিয়েছি। ছেলেরা জানিয়েছে, মায়ের সাথে তাদের বনিবনা হয় না। মাঝে মাঝে এভাবে তিনি বাড়ী থেকে বেড়িয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন বলেন, আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবগত করেছি, ত্রাণ পৌঁছে দেওয়ার জন্যও বলেছি।
উল্লেখ্য, নিয়ামতপুর গ্রামে সম্প্রতি ঢাকা থেকে পরিবার নিয়ে গ্রামে আসেন অমরচাঁদ দাস। তারা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ১২ এপ্রিল কে বা কারা গুজব ছড়ায় ওই বৃদ্ধা নারী তাদের বাড়ি গিয়ে চা ও পান খেয়েছেন। তারপর থেকেই তার ছেলেরা ও পাড়া প্রতিবেশী তাকে গ্রাম ছাড়া করে।