বিশেষ প্রতিনিধি
এতোই মর্মস্পর্শি যে, দেখলে যে কারোরই মনোকষ্ট হবে। ৮ বছরের শিশু পুত্র নিকলেস দাসকে স্যাঁতস্যাঁতে ঘরে রশিতে বেঁধে কাজে যান ‘মা’। গত ৬ মাস হয় শিশুটিকে এভাবে বেঁধে রাখা হয়। প্রতিবন্ধী এই শিশুটি কেবল বাবা ও মা বলতে পারে। এর বেশি কোন কথা বলতে পারে না । কাজ শেষে মা কখন ফিরবেন, সময় জানা নেই। এজন্য রশিতে বাঁধা প্রতিবন্ধি এই শিশুর সামনে খাবার এবং খাওয়ার পানি রেখে যান মা। মায়ের দাবি ছেলেটি জন্ম প্রতিবন্ধী নয়। সে অসুস্থ। ২ বছর আগেও কথা বলতে পারতো। এখন কেবল মা-বাবা বলতে পারে। ছেলেটি’র ‘খারাপ বাতাস’ লেগেছে। স্বামীহারা হতভাগা মা’র সাধ্য নেই এই শিশু পুত্রকে চিকিৎসা করানোর। যতই দিন যাচ্ছে শিশুটি’র অবস্থা খারাপ হচ্ছে। গত ৩১ জুলাই দৈনিক সুনামগঞ্জের খবরে শিশু নিকলেসকে নিয়ে সংবাদ ছাপা হলেও অসহায় এই শিশু’র পাশে দাঁড়ায়নি কেউ।
শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারের পাশে ছোট্ট একটি এক চালা ঘরে দুই শিশু পুত্র মান্না ও নিকলেশকে নিয়ে বসবাস করেন নিশা রানী দাস। যতক্ষণ দুই শিশুকে নিয়ে ঘরে থাকেন ততক্ষণই নিশা রানী’র চোখের অশ্রু ঝরতে থাকে। ৬ পুত্র সন্তানের মা নিশা। ৩ ছেলে বিয়ে করে আলাদা চলে গেছে। আরেক ছেলে বিয়ের আগেই মাকে ছেড়ে চলে গেছে। এরা খোঁজ খবর নেয় না মা-ভাইদের। ৬ মাস আগে স্বামী নিরঞ্জন দাস মারা যাওয়ার পর চতুর্থ শ্রেণিতে পড়–য়া ১০ বছরের মেধাবী শিশু মান্নাকে চাকুরিতে দিয়েছেন মা। ৮ বছরের শিশু নিকলেশ এবং মান্নার খাবারের সংস্থান হয় মা’র বাসা বাড়িতে কাজ করে পাওয়া টাকা এবং মান্না’র সামান্য বেতনে। অর্থ সংকটের কারণে অসুস্থ শিশু নিকলেশকে কখনোই কোন চিকিৎসা করাতে পারেননি নিশা রানী দাস। প্রতিবেশিরা বললেন, তাদের কষ্ট দেখে আমাদের সহযোগিতা করতে আগ্রহ হয়। কিন্তু আমাদের আর্থিক অবস্থাও ভালো নেই।
প্রতিবেশি চায়ের দোকানী রাখাল চন্দ্র সরকার বলেন,‘আমরা ব্যথিত হই, কষ্ট পাই যখন অসুস্থ শিশুটিকে ঘরের ভেতরে রশি দিয়ে মা বেঁধে রেখে যায়, কিন্তু আমরাও তো দরিদ্র। আমাদের সাহায্যের ক্ষমতা নেই। আমার ছোট্ট চায়ের দোকান, আমি একাই চালাতে পারি, তবুও নিশা’র ছেলেকে ১২’শ টাকা মাসে বেতন দিয়ে রেখেছি’।
গণ-মাধ্যম কর্মী, শাল্লা প্রেসক্লাবের সভাপতি পিসি দাস বলেন,‘রাস্তার পাশে মা যখন রশি দিয়ে বেঁধে রেখে যায়, দিনে অনেকবারই শিশুটি কান্নাকাটি করে। আমি কান্না শুনে গিয়েই এই অবস্থা দেখেছি এবং বিষয়টি অন্য গণমাধ্যমকর্মী ও প্রশাসনকে জানিয়েছি।’
শাল্লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লেখক সুব্রত দাস খোকন বললেন,‘নিশা রানী’র ১০ বছরের শিশু সন্তান মান্না আমাদের বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল। হঠাৎ করে শিশুটির পড়াশুনা ছাড়িয়ে চায়ের দোকানে চাকুরি দেওয়াতে যেমন কষ্ট পেয়েছি। তাঁর আরেকটি অসুস্থ শিশুকে এভাবে রশি দিয়ে বেঁধে রাখা দেখেও কষ্ট লাগছে।’
শিশু মান্নাকে পড়াশুনা ছাড়লো কেন? জিজ্ঞেস করতেই কাঁদতে কাঁদতে বললো-‘খেতেই পাই না। পড়বো কীভাবে?’।
শাল্লা উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মো. শাহেদুর রউফ বললেন, ‘নিশা রানী দাস, আগে গোদামের উল্টো দিকে এক চালা ঘরে থাকতেন। ওখানে মুক্তিযোদ্ধাদের স্থাপনা নির্মাণ হওয়ায় তাকে সরানো হয়েছে। অসুস্থ এক শিশুসহ দুই শিশুকে নিয়ে আমাদের কাছে আশ্রয় চাওয়ায়, আমরা গোদামের পাশেই একচালা ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছি।’
নিশা রানী দাস কাঁদতে কাঁদতে বললেন,‘বড় ছেলেরা আমাদের ছেড়ে চলে গেছে। স্বামী মরার পর অসুস্থ শিশুটিকে নিয়ে বেকায়দায় পড়েছি। আগে আমি কাজে গেলে বাচ্চাটি বাবার কাছে থাকতো। স্বামী কাজে গেলে আমার কাছে রাখতাম। ২ বছর হয় ছেলেটির অসুস্থতা বেড়েছে। টাকার অভাবে ডাক্তার-কবিরাজ দেখাতে পারিনি। মনে হয় ‘বাতাস’ লেগেছে। ছেলেগুলোর খাওয়ার ব্যবস্থাই করতে পারি না। চিকিৎসা করাবো কীভাবে। অসুস্থ শিশুকে রশিতে বেঁধে না গেলে, কোথায় যাবে, কী করবে, কে জানবে? আমি কাজে গেলে শ’ দেড়’শ টাকা পেলে ওদের খাবারের সংস্থান হয়, না হয় খাওয়াবো কীভাবে?’
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. মাসুম বিল্লাহ্ জানালেন, বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ নিশা রানী দাসের ঘরে গিয়ে অসুস্থ শিশুটিকে দেখে আসবেন এবং সাধ্যমত চিকিৎসার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।