- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় রাতের আঁধারে চলছে পাখি নিধন

শাল্লা প্রতিনিধি
শাল্লায় রাতের আঁধারে বিভিন্ন গ্রামে চলছে অবাধে পাখি নিধন। আর এতে অতিথি পাখিসহ দেশিয় নানা প্রজাতির পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। যেসব এলাকায় পাখি নিধনের মহোৎসব চলছে, সে গ্রামগুলো হলো-চাকুয়া, মহেশপুর, পশ্চিপাড়া, নিয়ামতপুর চরগাঁও, রামপুর, আনন্দপুর, নওয়াগাঁও, আঙ্গারুয়া, হরিনগর, সুখলাইন, হবিবপুর, ভোলানগর, কাশিপুরসহ বিভিন্ন গ্রামে।
গত শুক্রবার গভীর রাতে আনন্দপুরের বর্তমান মেম্বারের বাড়ির পাশে বেশ কয়েকজন লোককে গভীর রাতে পাখি শিকার করতে দেখা যায়। শিকারীদের বন্দুকের গুলির বিকট আওয়াজে গিরিধর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাগর চন্দ্র দাশ ভয়ে কেঁপে উঠে। সে জানায় বন্দুকের আওয়াজ শুনে তার ছোট বোনও ভয়ে আতঙ্কিত    হয়েছে। এসময় আশপাশের লোকজন জেগে শিকারীদের ধাওয়া করলে কয়েকজন পালিয়ে যায়। এদের মধ্যে আনন্দপুর গ্রামের সালাউদ্দিন নামের একজন যুবককে চিনে ফেলে লোকজন। তাকে পাখি শিকারের কথা জিজ্ঞাসা করা হলে সে তার নিজের প্রভাব খাটানোর চেষ্টা করে এবং শিকারীরা বাইরের লোক বলে জানায়।আর এসব দেশি ও বিদেশি পাখি নিধনকারীদের সাথে বিভিন্ন গ্রামের লোকজনের কথা হলে, তারা-দিরাই, শ্যামারচর, পেরুয়া ও উজানগাঁও গ্রামসহ বিভিন্ন গ্রামের ঠিকানা বলে থাকে। গত কয়েকদিন পূর্বে আনন্দপুর গ্রামের বাসিন্দা বিকাশ চক্রবর্তীর বাড়ির উঁচুগাছে আশ্রয় নেয়া বিভিন্ন প্রজাতির পাখি শিকারের জন্য রাতের আঁধারে বন্দুকের গুলির শব্দ শুনে আশপাশের লোকজনের ঘুম ভেঙ্গে যায়। পরে তারা পাখি নিধনকারীদের ওইরূপ বাঁধা দিলে শিকারীরা উল্টো প্রতিবাদকারীদের দিরাই গেলে পাওয়া যাবে বলে হুমকি দেয়। এভাবেই নওয়াগাঁও গ্রামের প্রদীপ দাশকে রাতের আঁধারে হুমকি দিয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, হুমকি প্রদানকালে তারা ৪জন লোক ছিল। তাদের হাতে ছিল একটি বন্দুক, তাদের প্রত্যেকের হাতে লম্বা কালো রঙ্গের টচ্লাইট ও একটি সাদা বস্তার ভিতরে আধাবস্তা পাখি।
এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান বলেন, যখনই এলাকায় এধনের পাখি নিধনের ঘটনা ঘটবে আমাদেরকে জানালে পুলিশ জীব-বৈচিত্র রক্ষার স্বার্থে তারা যেই হোক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]