পি সি দাশ শাল্লা
শাল্লা উপজেলায় ৬৭টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন দিরাই-শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা।
পরে উপজেলা হল রুমে শাল্লা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা বলেন, মমতাময়ী জনদরদী দেশ প্রেমিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত চেষ্টায় বাংলার অজপাড়ার ন্যায় শাল্লার ঘরে ঘরে ও বিদ্যুৎ সংযোগ পৌঁছে গেছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, অফিসার ইনচার্জ নাজমুল হক, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক শিক্ষক সহ সকল পেশার লোকজন উপস্থিত ছিলেন।