- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লা উপজেলা যুবলীগ ২৪ বছরেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি

সুব্রত দাশ খোকন, শাল্লা   
আহব্বায়ক কমিটি গঠনের ৫ বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি আওয়ামীলীগের অঙ্গ-সংগঠন যুবলীগ শাল্লা উপজেলা শাখা। এদিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় স্থবির হয়ে আছে যুবলীগ শাল্লা শাখার দলীয় কার্যক্রম।
জানা যায়, ২০১১ সালে মো. তকবীর হোসেনকে আহব্বায়ক এবং পীযুষ দাশ ও অ্যাড. দীপু রঞ্জন দাশকে যুগ্ম আহব্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি করে দেন স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে বলা হয়েছে। কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও বিগত আহব্বায়ক কমিটিগুলোর মতো বর্তমান আহব্বায়ক কমিটি ও পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারেনি। যার ফলশ্রুতিতে কমিটির অধিকাংশ সদস্যসহ নবীন যুবলীগের অধিকাংশ সদস্য যুব রাজনীতিতে উৎসাহ হারিয়ে ফেলেছেন।
নবীন কয়েকজন যুবলীগ কর্মী সুনামগঞ্জের খবরকে বলেন, শাল্লা যুবলীগের বর্তমান আহব্বায়ক কমিটির নিস্ক্রিয়তার বড় প্রমাণ বিগত ১১/১১/২০১৬ ইং যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শাল্লায় যুবলীগের কোন কর্মসূচী পালিত হয়নি।  
খোঁজ নিয়ে জানা   
যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১৯৭২ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হলেও শাল্লায় যুবলীগ প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে বর্তমান শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরীর হাত ধরে। ১৯৯২ সালে মাহবুব সোবহানী চৌধুরীকে আহব্বায়ক করে ২১ সদস্যের আহব্বায়ক কমিটি গঠন করা হয়। মাহবুব সোবহানী চৌধুরী বর্তমানে বিএনপিতে সক্রিয় এবং শাল্লা উপজেলা বিএনপির সহ-সভাপতি।  
এরপর ২০০১ সালে জেলা যুবলীগের তৎকালীন আহব্বায়ক অ্যাড. করিম সাহেব সুনামগঞ্জ জেলার অন্যান্য উপজেলার ন্যায় শাল্লা উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটি ভেঙ্গে দেন, নতুন আহব্বায়ক কমিটি গঠনের নিমিত্তে। এরপর ২০০৪ সালে মো: তকবীর হোসেনকে আহব্বায়ক ও পীযুষ দাশকে যুগ্ম আহব্বায়ক করে ২৮ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করে দেন তখনকার জেলা আহব্বায়ক অ্যাড. করিম। এরপর ২০১১ সালে বর্তমান আহব্বায়ক কমিটি গঠন করে ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে বলেন, স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। কিন্তু দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেলেও বর্তমান আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে ব্যর্থ।  
কথা হয় সাবেক ছাত্রলীগ নেতা, শাল্লা উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন মিছিল, মিটিং এর সামনের সারির কয়েকজন তরুন যুবলীগ কর্মী- অরিন্দম চৌধুরী অপু, ফনীভূষন সরকার, অজয় তালুকদার ও হাবিবুর রহমান হাবিব এর সাথে- উনারা অভিন্ন সুরে বলেন ছাত্রবস্থায় বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন শাল্লা উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলাম।  বর্তমানে আমাদের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নির্দেশে যুবলীগ করি। দীর্ঘদিন শাল্লাতে যুবলীগের কোন কমিটি নেই এটা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। রাজনীতিতে সাংগঠনিক পরিচয় না থাকলে দলের জন্য কাজ করতে উৎসাহ পাওয়া যায় না।
শাল্লা উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক পীযুষ দাশ বলেন- শিশুকালে বাবার মুখে বঙ্গবন্ধুর গল্প শুনতে শুনতে পরবর্তীতে বঙ্গবন্ধু আমার আদর্শ হয়ে যায়। বর্তমানে আমার রাজনৈতিক গুরু সুরঞ্জিত সেনগুপ্তের আদেশ, নির্দেশ ও পরামর্শে আমার রাজনৈতিক পথ চলা। বর্তমানে শাল্লা উপজেলা যুবলীগ নিস্ক্রিয় এটা ঠিক না। তবে দীর্ঘদিনের পুরানো আহব্বায়ক কমিটি ভেঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিমিত্তে নতুন আহব্বায়ক কমিটি গঠন করে দলের কার্যক্রমকে আরও বেগমান করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।
বর্তমান আহব্বায়ক মো: তকবীর হোসেন ও যুগ্ম আহব্বায়ক অ্যাড. দীপু রঞ্জন দাশ শাল্লায় যুবলীগ নিস্ক্রিয় এতে দ্বিমত পোষন করে বলেন, শাল্লায় যুবলীগকে মাঠ পর্যায়ে, বর্তমান আহব্বায়ক কমিটিই চাঙ্গা করেছে। আমরা সম্মেলন উপলক্ষে শাল্লা উপজেলার ৩৬টি ওয়ার্ডের প্রত্যেকটিতেই ওয়ার্ড কমিটি গঠন করেছি এবং বাহাড়া  ইউনিয়ন ব্যতিত বাকী ৩টি ইউনিয়ন কমিটিও গঠন করেছি। এতদিন নানা সমস্যার কারনে সম্মেলন করতে পারিনি ঠিক তবে শাল্লা উপজেলা যুবলীগ দলের প্রতিটি কর্মসূচীতেই সক্রিয়।  
যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখার বর্তমান আহব্বায়ক খায়রুল হুদা চপল বলেন- শাল্লাতে বর্তমানে যুবলীগের বৈধ কোন আহব্বায়ক কমিটি নাই। আমরা ২/১ দিনের মধ্যে শাল্লাতে নতুন আহব্বায়ক কমিটি করে দেব।

  • [১]