শাল্লা ডিগ্রি কলেজটি ভাটি এলাকার উচ্চ শিক্ষা বিস্তারে বিশাল ভূমিকা রাখছে। গত কয়েক বছর যাবৎ এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজটি সন্তোষজনক অবস্থান ধরে রেখেছে। এ বছর জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে কলেজটি জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। ১৯৮৬ সনে প্রতিষ্ঠা হওয়া এই কলেজটির বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৩৩০ জন। এরকম একটি গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নানাবিধ সংকট ও সমস্যার মধ্যে রয়েছে বলে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়। এর মধ্যে অন্যতম সংকটটি হলো ছাত্রীনিবাস ভবনটির নির্মাণ কাজ শেষ করতে না পারা। ২০০৮ সনে ৬ লাখ টাকার অনুদানে ছাত্রীনিবাস নির্মাণ কাজ শুরু করা হয়। ওই টাকা দিয়ে ভবনের বেসমেন্টের কাজ শুধু শেষ করা যায়। পরবর্তীতে আর কোন বরাদ্দ না পাওয়ায় দীর্ঘ ৯ বছরেও ভবন নির্মাণ কাজ শেষ করা যায় নি। অন্যদিকে কলেজে কোন স্থায়ী ছাত্রাবাস নেই। কলেজের একটি পুরানো টিনসেড ঘরে একটি ছাত্রাবাস চালু করা হয়েছে যেখানে এখন ১৬ জন ছাত্র বসবাস করছেন। সকলেরই জানা কথা যে, শাল্লা একটি দুর্গম, যোগাযোগ বিচ্ছিন্ন ভাটি এলাকা। বিশেষ করে বর্ষা মৌসুমে এই জনপদের সবগুলো পাড়া-গ্রাম এমনকি বাড়ি পরষ্পর বিচ্ছিন্ন থাকে। বর্ষায় সময় মত কলেজে আসা কিংবা কলেজ শেষ হওয়ার পর বাড়িতে ফিরে যাওয়া খুবই কষ্টকর। সমাপ্তি দাস নামের এক কলেজছাত্রী বলছিলেন, সময়মত নৌকা না পাওয়ায় তিনি একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে উঠার একটি পরীক্ষা দিতে পারেন নি। কনিকা দাস নামের আরেক ছাত্রী বলছিলেন, কলেজে আসার সময় তারা একবার ট্রলার ডুবির শিকার হয়েছিলেন। এরকম বহু ঘটনার সন্ধান পাওয়া যাবে সামান্য একটু অনুসন্ধান করলেই। এরকম যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার কলেজে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস থাকাটা যে খুব বেশি প্রয়োজন তা বলে বুঝানোর অপেক্ষা রাখে না। শিক্ষার্থীদের আবাসন সংকটের বাইরে অন্য যে সমস্যাটি পীড়াদায়ক সেটি হলো শ্রেণিকক্ষে স্থান সংকুলানের অভাব। বর্তমানে কলেজটির একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী সংখ্যা ৪২৬ জন। অথচ একটি শ্রেণিকক্ষে বড়জোর স্থান সংকুলান হয়ে থাকে ১৫০ জনের মত, তাও গাদাগাদি করে। শিক্ষক সংকটের কারণে এই ছাত্রীদের দুইটি সেকশনে ভাগও করতে পারছেন না কলেজ কর্তৃপক্ষ। এরকম অবস্থায় যেদিন কলেজে বেশি শিক্ষার্থী চলে আসে সেদিন অনেকেরই ক্লাসে বসে পাঠ গ্রহণ করা সম্ভব হয় না। ৪২৬ জন শিক্ষার্থীর বিপরীতে ১৫০ জনের বসার ব্যবস্থা থাকলে বাকি ২৭৬ জন ছাত্রীকেই শ্রেণিকক্ষের বাইরে থাকতে হয়। এরকম বিষম অবস্থার কারণে যে কলেজে শিক্ষার্থী উপস্থিতির হার আশঙ্কাজনক হারে হ্রাস পাবে সেটি সহজেই অনুমেয়। কলেজে নেই কোন অডিটরিয়াম। কলেজের বাউন্ডারি দেওয়াল নির্মাণ করাটাও জরুরি মনে করছেন কর্তৃপক্ষ।
একটি প্রতিষ্ঠান তখনই সর্বোচ্চ সফলতা দেখাতে পারে যখন তাকে সব দিক থেকে সক্ষম হিসেবে দাঁড় করানো যায়। বুঝাই যাচ্ছে একেবারে সীমিত সামর্থ্য নিয়ে ভাটি এলাকার এই কলেজটি চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষাদানের ভূমিকাটি ভাল করে পালন করার। এরকম একটি নিবেদিত প্রতিষ্ঠানকে সবধরনের সহায়তা দান করা সকলের কর্তব্য। জানা গেছে বর্তমান সংসদ সদস্যের চেষ্টায় কলেজটি সরকারিকরণের দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষে কলেজের সকল সম্পদ শিক্ষা সচিবের নামে দানপত্র করার কাজও শেষ হয়েছে। আমরা আশা করব সরকারিকরণের প্রক্রিয়াটি দ্রুত শেষ করে উপরে যেসব সমস্যার উল্লেখ রয়েছে সেগুলোর সমাধানে সকলে উপযুক্ত ভূমিকা রাখবেন।