সুব্রত দাস খোকন, শাল্লা
শাল্লা সদর থেকে মিলন বাজার ট্রলার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, গত বছর এ লাইনে ভাড়া ছিল ৪০ টাকা। রাস্তার দূরত্বও ছিল বেশী কারণ সুখলাইন, আনন্দপুর ও ভোলানগরের ঘিলটিয়া খাল হয়ে মিলনবাজার যেতে সময় লাগত দেড় ঘন্টা। অথচ এ বছর হাওর সোজা যেতে সময় লাগে ৪০ থেকে ৫০ মিনিট। তদুপরি তেলের দামও সরকার কমিয়েছে তারপরও এ বছর আমাদের অতিরিক্ত ১০ টাকা বেশী অর্থাৎ ৫০ টাকা ভাড়া দিতে হচ্ছে।
বর্ষায় এলাকায় কোন কাজ না থাকায় এলাকার শ্রমিকরা ঢাকা ও ভোলাগঞ্জে কাজের সন্ধানে যায় এবং এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কথা হয় এমন কয়েকজন শ্রমিকের সাথে তারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা ভোলাগঞ্জে শ্রমিকের কাজ করি। ট্রলারের বেটারা একজোট হয়ে ভাড়া বাড়িয়ে দিয়েছে। বিকল্প কোন উপায় না থাকায় বেশী ভাড়া দিয়েই যেতে আসতে বাধ্য হচ্ছি।
শিক্ষক মনোজ কান্তি সরকার বলেন, গত বছরের চেয়ে তেলের দামও কম তারপর রাস্তার দূরত্বও অর্ধেক। ভাড়া দিতে হচ্ছে বেশি ট্রলার মালিকদের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। এ বিষয়টি কর্তৃপক্ষের দেখভাল করা উচিত।
ট্রলার ঘাট সুপারভাইজার মধু মিয়া বলেন, ঘিলটিয়া খালে ব্রীজ হওয়ার কারণে ব্রীজের নীচ দিয়ে ট্রলার নেওয়া যায় না। হাওড়ের মাঝ পথে ট্রলার নিতে হয়। এ কারণে ভাড়া না বাড়াইলে আমাদের পোষায় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম আসিফ বিন ইকরাম বলেন, ‘ভাড়া বেশী নেবে কেন ? ভাড়া বেশী নেওয়া অন্যায়। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’