স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সন্তান লন্ডন প্রবাসী শাহনান বখত সিটি অফ লন্ডনের ব্রড স্ট্রিট ওয়ার্ড থেকে কাউন্সিলমেন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সিটি অফ লন্ডন কর্পোরেশনের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শাহনান বখত ইনভেস্টমেন্ট ব্যাংকের একজন ভাইস প্রেসিডেন্ট এবং সুনামগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সের প্রধান উপদেষ্টা শাহাগির বখত ফারুকের সন্তান। শহরের আরপিননগরের বাসিন্দা শাহনান বখত সিটি অফ লন্ডন কর্পোরেশনের নির্বাচনের ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি যিনি বিপুল ভোটে কাউন্সিলমেন নির্বাচিত হলেন।
গত ২৪শে মার্চ সিটি অফ লনডন কর্পোরেশনের অনুষ্ঠিত নির্বাচনে ব্রড স্ট্রিট ওয়ার্ড থেকে শাহনান বখত নির্বাচিত হয়েছেন। শাহনান বখত সিটি অফ লন্ডন স্কুল ফর বয়েজ থেকে জিসিএসি নাইন এ স্টার পেয়েছিলেন। একই স্কুল থেকে এ লেভেল উত্তীর্ণ হয়ে লন্ডন কিংস কলেজ থেকে অনার্স পাস করেন। তিনি ফ্রিম্যান অফ দি সিটি অফ লন্ডন খেতাবে ইতিপূর্বে ভূষিত হয়েছেন।
তিনি অব. ব্রিগেডিয়ার হুমায়ুন বখ্ত মুহিত ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত এর ভাতিজা।