স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রংপুর কান্দাগাঁও এলাকায় হযরত শাহ আরেফিন (রহ.) মোকামের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অফিস কক্ষে ১ম সভা অনুষ্ঠিত হয়। পরে ৫ অক্টোবর ২য় সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট মোকাম পরিচালনা কমিটি গঠন করা হয়।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত সকল সদস্যদের সিদ্ধান্তক্রমে সার্বিক সমস্যা সমাধান এবং মোকামের যথাযথ উন্নয়নে কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত সমূহ হলো, মোকামের অর্থ সঞ্চয় রাখার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের যুগ্ম স্বাক্ষরে সঞ্চয়ী ব্যাংক হিসাব সোনালী ব্যাংক লি: সুনামগঞ্জ শাখায় খোলা, প্রাপ্ত সকল অর্থ প্রথমে ব্যাংক হিসাবে জমা করা, এই অর্থ ব্যয় করতে কার্যনির্বাহী কমিটির রেজুলেশনের মাধ্যমে ব্যয় করা, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভাউচারসমূহ সংরক্ষণ করা, মোকামে প্রাপ্ত আয়-ব্যয়কৃত অর্থের পূর্ণাঙ্গ বিবরণ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের স্বাক্ষরসহ সংরক্ষণ করা, বার্ষিক ওরশ পালনের সময় নির্বাহী কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে উপ-কমিটি গঠনপূর্বক সার্বিক কার্যক্রম পরিচালনা করা, মোকামের দানবাক্সে দুইটি তালা লাগানো, একটির চাবি সভাপতি ও অপরটির চাবি সাধারণ সম্পাদকের কাছে রাখা। দানবাক্স খোলার সময় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকতে পারবেন। সকলের সম্মুখে অর্থ গণনা করে ব্যাংক হিসাবে জমা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২য় সভায় ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার (পদাধিকার বলে), সহ সভাপতি রঙ্গারচর ইউপি চেয়ারম্যান (পদাধিকার বলে), সহ সভাপতি মো. আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম। সদস্য সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (পদাধিকার বলে), চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকার বলে), শামসুল আবেদিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকার বলে), সাদত পুরকায়স্থ, মোকামের খাদিম ঈমান আলী (পদাধিকার বলে), মো. জহির হোসেন, আব্দুর রাজ্জাক, মো. হরমুজ মিয়া।