- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

স্টাফ রিপোর্টার
ছাতকে ২ শিক্ষকের উপর সন্ত্রাসী হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার ভেতর গ্রেফতার না হলে সারাদেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছে প্রাথমিক শিক্ষক পরিবার। মঙ্গলবার বিকালে পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারী দেন বক্তারা।
বক্তারা বলেন, শিক্ষাই জাতীর মেরুদন্ড। আর সেই মেরুদন্ড তৈরির কারিগর শিক্ষকরা। অথচ এই শিক্ষকরা আজ কোথাও নিরাপদ নয়। বিদ্যালয়ে, ঘরে-বাইরে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা হচ্ছে। এই হামলা ও মামলার পরবর্তী খোঁজ খবর কেউ রাখেন না। ছাতকে ২ জন শিক্ষকের উপর হামলার অনেকদিন পার হলেও এখনও সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে।
সুনামগঞ্জ জেলা প্রধান শিক্ষক সমিতি সভাপতি নাসরীন আক্তার খানম’র সভাপতিত্বে ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশীদ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) বাস্তবায়ন কমিটির সভাপতি সুজিত কুমার দেব, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তুষ, ছাতক উপজেলার প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খাঁন, দোয়ারাবাজার উপজেলার প্রধান শিক্ষক সমিতির সভাপতি বাবু রানা আচার্য, এ কে এম মুহিবুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমরা শিক্ষক আমাদের কাজ ক্লাসরুমে। সহকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাস্তায় দাঁড়াতে চাই না আমরা। আমরা চাই আমাদের সহকর্মীর উপর যারা হামলা চালিয়েছে তাদের অতি দ্রুত গ্রেফতার করা হোক। যদি আগামী ২৪ ঘন্টার ভেতর সন্ত্রাসীদের গ্রেফতার না করা হয় তাহলে সারাদেশের শিক্ষকদের নিয়ে আন্দোলনের ডাক দেয়া হবে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছোট ভাই জুনেদ আহমদ ও মায়েরকোল গ্রামের মৃত সমর আলীর ছেলে কয়েছ আহমদের মধ্যে ঝগড়া থামাতে গেলে অপর পক্ষের ছুরিকাঘাতে আহত হন শিক্ষক কবির। তিনি সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কবির আহমদকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও মূল আসামিরা এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ ঘটনার এক সপ্তাহ পরই গত ৩০ সেপ্টেম্বর জমি থেকে ঘাস কাটার জের ধরে প্রতিপক্ষের লোকজন জাউয়াবাজার প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলীর ওপর হামলা চালায়।

  • [১]