শান্তিগঞ্জ অফিস
সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার শিক্ষক মো. জাহেদ উদ্দিন (৫২) আর নেই (ইন্নালিল্লাহি…রাজেউন)। রবিবার দিবাগত রাত ১২টায় সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মূল বাড়ি নেত্রকোনা সদর উপজেলার ষাট কাহন গ্রামে।
উল্লেখ্য, মরহুম মো. জাহেদ উদ্দিন ১৯৯১ সাল থেকে দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন।
সোমবার সকাল ১০ টায় ষোলঘর পুরাতন জামে মসজিদ ঈদগাহ ময়দানে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে সিনিয়র শিক্ষক মমতাজুল হাসান আবেদের উপস্থাপনায় দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নূর বলেন মো. জাহেদ উদ্দিন ছিলেন খুবই অমায়িক ও ভাল মনের মানুষ। তিনি ছিলেন আপাদমস্তক একজন শিক্ষকের গুণাবলী সম্পন্ন মানুষ। তার মতো সহকর্মী বিয়োগে নিশ্চিতভাবই একটা শূন্যতা তৈরি করবে।
মরহুমের সহকর্মী মাওলানা আবু তাহির মো. খালিদ বলেন, মো. জাহেদ উদ্দিন ছিলেন অত্যন্ত বিনয়ী, লোভলালসা মুক্ত মানুষ। ঝামেলামুক্ত জীবন যাপনে অভ্যস্ত ছিলেন। আর্থিক টানাপড়েন থাকলেও কারো কাছ থেকে সহজে ঋণ নিতেন না। তিনি সবসময় জামাতের সাথে নামাজ আদায় করতেন।