সু.খবর ডেস্ক
নারায়ণগঞ্জের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় ‘কান ধরে’ প্রতিবাদ জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা।
এই প্রতিবাদ কর্মসূচির সমন্বয় করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাগরিকা চৌধুরী। এতে সাস্ট ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সারোয়ার তুষার, শিক্ষার্থী মুশতাক আহমদ, শাহরিয়ার সোহান, খইরুম কামেশ্বর, স্বপন আহমেদসহ আরও কয়েকজন একাত্ম হন।
প্রায় আধা ঘণ্টা ধরে চলে এ কর্মসূচি। প্রতিবাদ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাগরিকা চৌধুরী বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনা সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে ত্বরান্বিত করে। আমরা মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে ওই শিক্ষকের প্রতি এভাবেই সহমর্মিতা জানিয়েছি। যত দিন এ ঘটনার বিচার না হবে, তত দিন গোটা বাংলাদেশই কান ধরে থাকবে। এ এক মস্ত গ্লানি।’
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শ্রেণিকক্ষে ‘ধর্মীয় কটূক্তির’ অভিযোগে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সাংসদ (জাতীয় পার্টি) এ কে এম সেলিম ওসমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনা ঘটে। তবে প্রধান শিক্ষকের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনার খবর বিভিন্ন পত্রিকার পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অবশ্য এ বিষয়ে সাংসদ সেলিম ওসমান সাংবাদিকদের বলেছেন, থানার বিপুলসংখ্যক পুলিশ, উপজেলা চেয়ারম্যান, ইউএনও ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত লোকজনকে শান্ত করতে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উত্তেজিত জনরোষ থেকে প্রাণে রক্ষা করে পুলিশি হেফাজতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। আর এলাকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক স্বেচ্ছায় মাফ চেয়েছেন, কানে ধরেছেন।
এদিকে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ বরখাস্তের কথা বলা হয়েছে।