- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষক সংকট দূর ও নিয়মিত পাঠদানের দাবি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সকল সরকারি স্কুল-কলেজের শিক্ষক সংকট দূর করা ও নিয়মিত পাঠদানের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা        সংসদের সাবেক সদস্য সচিব মালেক হুসেন পীর। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে এসব দাবি জানান তিনি।
মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর তাঁর দাবিতে উল্লেখ করেন, তার মেয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। কিন্তু কলেজে নিয়মিত পাঠদান না হওয়ায় ছাত্র-ছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অভিভাবক হিসেবে তিনি উদ্বিগ্ন হয়ে গত ৩০ নভেম্বর সকালে জেলা প্রশাসকের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
আবেদনে তিনি আরো উল্লেখ করেন, সুনামগঞ্জ সরকারি কলেজে অনেক শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি শ্রেণি কক্ষের স্বল্পতা রয়েছে। কর্মরত শিক্ষকদের অনেকেই সপ্তাহে ২/৩ দিন কলেজে উপস্থিত থাকেন। কলেজের অধ্যক্ষও নিয়মিত কলেজে উপস্থিত থাকেন না। সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালু থাকলেও শিক্ষক সংকট রয়েছে। তাই এই কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষক ও শ্রেণি কক্ষের সংকটে একই অবস্থা সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সতীশ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।
তিনি সকল স্কুল ও কলেজের শিক্ষক সংকট দূর করতে শিক্ষক পদায়ন, নিয়মিত পাঠদানের ব্যবস্থার দাবি জানান। তাছাড়াও তিনি আবেদনে উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিযমিত ক্লাস না হওয়ায় ছাত্র-ছাত্রীরা বাধ্য হয়ে প্রাইভেট কোচিং-এর দিকে ধাবিত হচ্ছে ।  

  • [১]