দিরাই সংবাদদাতা
সাভারের আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক উৎপল কুমার সরকার কে পিটিয়ে হত্যার প্রতিবাদে দিরাইয়ে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দিরাই উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকবৃন্দের আয়োজনে সোমবার দুপুর ১২টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংহতি প্রকাশ করে দিরাই উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি ও সহকারি শিক্ষক সমিতি।
দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল পাশা’র সভাপতিত্বে ও দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্থফা রুমী’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিরাই সরকারি কলেজের সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক সন্ধীপন দাস, ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক অসিত চৌধুরী, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, মাধ্যমিক শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, দিরাই মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল রিয়াজ উদ্দিন, মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, দিরাই উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, সাধারণ সম্পাদক সুদীপ্ত দাস, রাজানগর কৃষ্ণচন্দ্র পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পান্না দাস, চরনারচর মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ইসতেহার মিয়া প্রমুূখ।
বক্তারা বলেন, শিক্ষকদের সুরক্ষার জন্য কঠিন আইন তৈরী করতে হবে। আজকে ছাত্র কর্তৃক শিক্ষকদের পিটিয়ে হত্যা করা হয়, শিক্ষককে অপমান অপদস্থ করা হয়, বিচারের জন্য শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ করতে হয়- এটা বাঙালি জাতির লজ্জা।
শিক্ষকতা পেশা এখন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বক্তরা বলেন, জাতির উন্নতি সাধনে শিক্ষক সমাজ নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। কিন্তু শিক্ষকের সাথে এহন আচরণ গোটা শিক্ষক সমাজকে আতঙ্কিত করেছে। এসময় খুনি জিতু মিয়ার সর্ব্বোচ্চ শাস্তি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখতে আহ্বান জানানো হয়।