- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

মধ্যনগর সংবাদদাতা
মধ্যনগর ও ধর্মপাশা দুই উপজেলার ১০৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার ধর্মপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে ট্যাবলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর’র সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুল হাসান বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক প্রমুখ।
জানা যায়, জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের কাজে ব্যবহৃত এসব ট্যাবলেট সরকারের নির্দেশনা অনুযায়ী বিতরণ করা হয়েছে। মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার ১৮টি মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে মেধাক্রমে এসব ট্যাবলেট তুলে দেওয়া হয়।
মধ্যনগরের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তানজিকা আক্তার অপি বললেন, ট্যাবলেট পেয়ে আমি ভীষণ খুশি। আমার পড়াশোনায় এটি অনেক সহায়তা দেবে।
মধ্যনগর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তবে শিক্ষার্থীদেরকে ট্যাবলেট ব্যবহারে সচেতন হতে হবে। যাতে ইন্টারনেটের নেতিবাচক দিকসমূহ তাদের মাঝে প্রভাব না ফেলে। এ বিষয়ে অবিভাবকদেরও সচেতন হতে হবে। ‘
উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা উৎপল চন্দ্র সরকার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার বলেন, এটি মাননীয় প্রধানমন্ত্রীর চমৎকার একটা উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য—প্রযুক্তি গত জ্ঞানে সমৃদ্ধি লাভ করবে। যা স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • [১]