- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষার্থীদের স্কুলমুখী করছে স্টার স্টুডেন্ট প্রোগ্রাম

সোহেল তালুকদার , শান্তিগঞ্জ
করোনা কালে দীর্ঘদিন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে সংশয় দেখা দেয়। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে স্কুলমুখী করতে চালু করা হয় ‘স্টার সুডেন্ট প্রোগ্রাম’। শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এটি ঝরে পড়া রোধ, আনন্দদায়ক শ্রেণী পাঠদানে গুরুত্বপূর্ণ বর্তমানে অবদান রাখছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে উপজেলার ৯৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩ টি প্রাথমিক বিদ্যালয়কে স্টার স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় আনা হয়েছে। এগুলো হলো- সদরপুর, রথপাড়া, হাসনাবাজ, দামোধরতপী, পিঠাপশী, পাথারিয়া, জীবদ্বাড়া, বড়মোহা, সলফ, ডুংরিয়া, শত্রুমর্দন, আক্তাপাড়া ও আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলার সদরপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রুমি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নিয়মিত উপস্থিতি, তাৎক্ষণিক বুদ্ধি, ক্লাস, নিজস্ব সৃজনশীলতা, হাতের লিখা, নাচ-গান, ড্রয়িং সহ ১০টি ক্যাটাগরিতে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে একজন শিক্ষার্থীকে এক মাসের জন্য স্টার স্টুডেন্ট নির্বাচিত করা হয়। পাশপাশি ঐ স্টার স্টুডেন্ট শিক্ষার্থীর মা কে মা সমাবেশের মাধ্যমে পুরস্কৃত করা হয়। এতে করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেলিম খাঁন জানান, উপজেলার ৯৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে ১৩ টি প্রাথমিক বিদ্যালয়কে স্টার স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় আনা হয়েছে। এই প্রোগ্রামটির কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এতে স্কুলমুখী হচ্ছে শিক্ষার্থীরা।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার উজ জামান জানান, সুনামগঞ্জ জেলার জন্য স্টার স্টুডেন্ট প্রোগ্রামটি খুবই উপযোগী। শিক্ষক এবং শিক্ষার্থীদের উৎসাহ দিতে মূলত এ প্রোগ্রামটি চালু করা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, আনন্দদায়ক শ্রেণী পাঠদান ও তাদের মেধা বিকাশের লক্ষ্যেই এই প্রোগ্রাম চালু করা হয়েছে।

  • [১]