- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষার্থীর উপর দু’দফায় হামলা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে ২ শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার সকালে কলেজের পুকুর পাড়ে এই ঘটনা ঘটে। পরে আহত শিক্ষার্থী থানায় অভিযোগপত্র দিয়ে বাড়ি ফেরার পথে দ্বিতীয়বার আক্রমনের শিকার হন। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত হওয়া শিক্ষার্থী ময়নার পয়েন্টের বাসিন্দা মোস্তফা কামালের ছেলে শাহরিয়ার কামাল সাইম ও মোহাম্মদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে রকিব। তারা দুজনেই সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত শিক্ষার্থী হলেন মাইজবাড়ি গ্রামের বাসিন্দা আসকর আলীর ছেলে আবুল আসাদ ইমন। তার সঙ্গে আর প্রায় ১০ জন শিক্ষার্থী ছিলো। সবাই সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
আহত শিক্ষার্থী শাহরিয়ার কামাল সাইম প্রাথমিক চিকিৎসা নিয়ে সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়ারি করেন। পরে থানা থেকে বাড়ি ফেরার পথে উকিলপাড়া এলাকায় আবারও হামলার শিকার হন। তবে সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন লিখিত কোনো অভিযোগ পান নি বলে জানিয়েছেন।
থানায় অভিযোগ দেয়ার বিষয় নিশ্চিত করে আহত শিক্ষার্থী শাহরিয়ার কামাল সাইম বললেন, আজ সকালে কলেজে যাওয়ার পর পুকুর পাড়ে ইমন সহ প্রায় ১০ জন আমাদের উপর হামলা করে। সেখান থেকে হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করি। থানা থেকে ফেরার পথে ইমনসহ আরও আট-দশ জন আবারও হামলা চালায়। কেনো আমার উপর হামলা করেছে জানি না।
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম বললেন, রবিবার সকালে কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে। কি কারণে এরকম হয়েছে এখনও আমরা জানি না। বিষয়টি তদন্তসাপেক্ষ। এজন্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

  • [১]