- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষার মানোন্নয়নে সকলকে কাজ করতে হবে- জেলা প্রশাসক

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষার মানোন্নয়নে সকলকে কাজ কারতে হবে । নৃ-গোষ্ঠী সহ সকল শ্রেণির মানুষের সমান অধিকার। শিক্ষার ক্ষেত্রে যেসব সহযোগিতা করার প্রয়োজন তা সরকার করে যাচ্ছে।’
বিশ্বম্ভরপুর উপজেলার নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।
রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে মৌহাকুড়া নৃ-গোষ্ঠী সমিতি কার্যালয় প্রাঙ্গণে নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের         সভাপতিত্বে ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বাদল হাজংয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নৃ-গোষ্ঠী ছাত্র সংগঠনের সভাপতি শুভংকর হাজং।
এসময় আরো বক্তব্য রাখেন, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সভাপতি রাকেশ হাজং, ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান আশিষ হাজং, নৃ-গোষ্ঠী নেতা তপন হাজং, আওয়ামী লীগ নেতা সফর আলী, যুবলীগ নেতা আ. কাদির, ছাত্রলীগ নেতা মঙ্গল কুমার সিনহা প্রমুখ।
আলোচনা সভার পর ছাত্রছাত্রীদের মধ্যে সরকারি বৃত্তির টাকা তুলে দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। পরে হাজংদের ঐতিহ্যবাহী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।
এর আগে জেলা প্রশাসক দিনব্যাপী সরকারী কর্মসূচীতে উপজেলার পলাশ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভুমি অফিস, পলাশ উচ্চ বিদ্যালয়, মাঝাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানাসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
এছাড়াও উপজেলা মাসিক আইনশৃংখলা সভা, উপজেলা স্কাউট লিডাকদের সাথে মতবিনিময় সভা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাদেরর সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।

  • [১]