- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষার মান উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে -জেলা প্রশাসক

আকবর হোসেন, জামালগঞ্জ
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন,শিক্ষার মান উন্নয়নে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ সহ সকলকে একযুগে কাজ করতে হবে। বেশী বেশী করে মা সমাবেশ, অভিভাবক সমাবেশ করতে হবে। হাওর অঞ্চলের শিক্ষার জন্য শিক্ষকদেরকে আরো দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি আরো বলেন,শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করুন, এক সময় ব্যবসায় লোকসান হবে, জমিতে ফসল কম হবে, কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনার খরচ করলে একদিন হাজার নয় লক্ষ গুণ বেশী ফলন পাবেন।  কোমলমতি ছাত্রদেরকে বিদ্যালয়ে আসার জন্য উৎসাহিত করা ও নিজেরা সব সময় পাঠ দানের ক্ষেত্রে আরো বেশী করে মনোযোগী করে তুলতে হবে। মেয়েদের শিক্ষার কোন বিকল্প নেই, মেযেদেরকে অবহেলা করবেন না, ছেলেদের মত তাদেরকেও পড়া লেখায় বেশী করে উৎসাহিত করুন। স্কুলে     
 বিদ্যা, জমিতে ধান, মাঠে গান। জেলা প্রশাসক নিজে শিক্ষকতা  মহান পেশা উল্লেখ করে বলেন, বিদ্যালয়ে  ভবনের চেয়ে ভালো শিক্ষকের বেশী প্রয়োজন । বিদ্যালয়গুলোতে প্রতি মাসে অভিভাবক ও ছাত্রছাত্রীদেরকে নিয়ে সমাবেশ করে শিক্ষার গুরুত্বকে তৃণমুল পর্যায়ে বাড়ানোর পরামর্শ প্রদান করেন তিনি।
মঙ্গলবার  সকাল ১০ টায় সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান ও সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম শামীমের সভাপতিত্বে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্টান ও আনন্দ শিশু কানন কিন্ডার গার্ডেনের উদ্বোধন কালে উপরোক্ত কথাগুলো বলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক।  সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের  আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসুন কুমার চক্রবর্তী, ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন, একাডেমিক সুপার ভাইজার আ: মুকিত, আ:লীগের সহ সভাপতি দীজেন্দ্র লাল দাস, স্বপন কুমার রায়, অসিত রায় চৌধুরী। সহকারী শিক্ষক অরুপ নারায়ন তালুকদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণতোষ ঘোষ চৌধুরী। অনুষ্ঠানে সাচনা বাজারের ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিকরা, ছাত্রছাত্রীর অভিভাবকগণ, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • [১]