শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রী প্রাণান্ত চেষ্টা করে আসলেও অদৃশ্য কোন কারণে সেগুলো সফলতার আলো দেখছে না। বিশেষ করে কেসরকারি প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে রীতিমতো চ্যালেঞ্জিং অবস্থান গ্রহণ করেছে বলে অনুমিত হয়। এসএসসি, এইচএসসি পরীক্ষার ফিস, ভর্তি ফিস ইত্যাদি খাতে বোর্ড নির্ধারিত অর্থের চাইতে অনেক বেশি টাকা আদায় করা হয়ে থাকে। বিষয়টি সরকারের গুচরিভূত হলে অতিরিক্ত গৃহিত ফিসের অর্থ অবিলম্বে শিক্ষার্থীদের ফেরত পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে পরিপালন প্রত্যয়নপত্র পাঠানোর নির্দেশ জারি করা হয়। এই নির্দেশের আলোকে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফিস আদায়ের জন্য চিহ্নিত ৩০৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮৩০ টি অতিরিক্ত অর্থ ফেরত প্রদানের তথ্য মন্ত্রণালয়কে জানিয়েছে। অন্যদিকে ৯৯৯ টি শিক্ষা প্রতিষ্ঠান সাফ জানিয়ে দিয়েছে যে, তারা কোন অতিরিক্ত অর্থ গ্রহণ করেনি। অবশিষ্ট ১২০৯ টি শিক্ষা প্রতিষ্ঠান মন্ত্রণালয়কে কোন কিছুই অবহিত করেনি। এই ১২০৯ টি অনমনীয় শিক্ষা প্রতিষ্ঠানকে অবশেষে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৩০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের এমপিও স্থগিতসহ ম্যানেজিং কমিটি ভেঙ্গে দেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে নোটিশে। শিক্ষা মন্ত্রণালয় আরও সিদ্দান্ত গ্রহণ করেছে যে, ইতোমধ্যে যে ৮৩০ ও ৯৯৯ টি প্রতিষ্ঠান অর্থ ফেরত ও অতিরিক্ত অর্থ গ্রহণ না করার তথ্য জানিয়েছে সেখানে কোন ভুল উদঘাটিত হলেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নৈরাজ্যকর অবস্থার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তটি প্রশংসাজনক। এর মধ্য দিয়ে অন্যায় কাজের জবাবদিহিতা নিশ্চিতের কার্যারম্ভের সূচনা ঘটল। আমরা শিক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়ে শেষ পর্যন্ত নিয়ম মোতাবেক অটল থাকার আহ্বান জানাই।
এই বছরের জানুয়ারি মাসে রাজধানীসহ বিভিন্ন বড় শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তির সময় অত্যধিক ভর্তি ফিস আদায়ের প্রতিবাদে অভিভাবকরা রাস্তায় নেমেছিলেন। তাদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানগুলো কিছুটা নমনীয় হয়েছিল। বিশেষ করে যেসব শিক্ষা প্রতিষ্ঠান একটু নাম করে ফেলেছে সেগুলো ফিসের নামে অভিভাবকদের পকেট কাটার আয়োজন করে সবচাইতে বেশি। সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা পরীক্ষা ও ভর্তির সময় মাত্রাতিরিক্ত ফিস গ্রহণের উপর দৈনিক সুনামগঞ্জের খবরেই একাধিক রিপোর্ট প্রকাশ হয়েছে। অতিরিক্ত ফিস গ্রহণের তালিকা থেকে বাদ পড়েনি সরকারি প্রতিষ্ঠন সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজও। কিন্তু কখনও এসব প্রতিষ্ঠান অতিরিক্ত গৃহিত অর্থ ফেরত দিয়েছে কিংবা পরবর্তী সময়ে এইরূপ অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থেকেছে এমন খবরাখবর আমাদের কাছে আসে না। এখন যে ৮৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ ফেরত দেয়ার কিংবা ৯৯৯ টি শিক্ষা প্রতিষ্ঠান কোন অতিরিক্ত অর্থ আদায় না করার দাবি করছে সেগুলোও কতোটা বিশ্বাসযোগ্য এবং সঠিক তা নিশ্চিত নয়। কারণ আমাদের চারপাশে একটু সতর্ক দৃষ্টি বুলালে এই দাবির অসাড়তা বুঝতে কারো কোন কষ্ট হবে না।
দেশের বিশিষ্ট সুধীসমাজ বারবার বিভিন্ন ভাবে বলে আসছেন যে, আমরা ক্রমশ শিক্ষাকে একটি মুনাফামুখী বাণিজ্যিক উপকরণে পরিণত করে ফেলেছি। এর কুফলস্বরূপ দেশের মেধা বিকাশ সংকুচিত হওয়ার আশংকাও ব্যক্ত করছেন তাঁরা। বাস্তবেও মফস্বল ও গ্রামাঞ্চাচলের মেধা হারিয়ে যাওয়ার চিত্র প্রতিবছরই শিক্ষার পরিসংখ্যানে স্পষ্ট হচ্ছে। একটি দেশের এমন বিশৃঙ্খল শিক্ষাচিত্র অপ্রত্যাশিত। সুতরাং শিক্ষামন্ত্রীকে অবশ্যই এসব বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখতে হবে। নতুবা নৈরাজ্য আর বিশৃঙ্খলার রাহুগ্রাস আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি গিলে ফেলবে।