সু.খবর ডেস্ক
সারাদেশের বেসরকারি ৩৬ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ ক্ষমতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির কাছ থেকে সরকারের হাতে ন্যস্ত হলো। এখন থেকে প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার মাধ্যমে এসব নিয়োগ দেবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনের ‘বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’ (এনটিআরসিএ)। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগ পেতে গেলে অনলাইনে আবেদন করতে হবে। এজন্য রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের সঙ্গে চুক্তি করেছে এনটিআরসিএ। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ ও এনটিআরসিএর চেয়ারম্যান এ এম এম আজহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী মাসেই (এপ্রিল) নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এতদিন দেশের ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হতো। এখন সরকারি কর্মকমিশনের (পিএসসি) আদলে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেবে সরকার। নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের সব কাজ শেষ পর্যায়ে জানিয়ে তিনি বলেন, উপযুক্ত, দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এর আগে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে নতুন নিয়ম করে গত ৩০ ডিসেম্বর পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এখন এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
মন্ত্রণালয়ের ওই পরিপত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগের চাহিদাপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠাবে। প্রতিবছর ৩১ অক্টোবরের মধ্যে ইউএনও তার উপজেলার সব প্রতিষ্ঠানের চাহিদাপত্র একীভূত করে তা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন। জেলা শিক্ষা কর্মকর্তা ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষকদের চাহিদাপত্র এনটিআরসিতে জমা দেবেন।
এনটিআরসিএ প্রতিবছর শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে চাহিদা অনুযায়ী বিষয়ভিত্তিক জাতীয়, বিভাগ, জেলা, উপজেলা এবং উপজেলাওয়ারি মেধাত্রক্রম তৈরি করে ফল ঘোষণা করবে।
এরপর শিক্ষকদের পছন্দ অনুযায়ী এনটিআরসিএ মেধাক্রম ধরে উপজেলাভিত্তিক শিক্ষক নিয়োগের প্রার্থী তালিকা করবে। উপজেলায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে জেলার তালিকা এবং তাতেও প্রার্থী না মিললে বিভাগীয় তালিকাকে অগ্রাধিকার দেওয়া হবে।
এর আগে যারা এনটিআরসিএ পরীক্ষায় পাস করেছেন তাদের মেধাত্রক্রম প্রকাশ করেছে সরকার।
রোববার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, পাবলিক পরীক্ষার ফল প্রকাশসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে টেলিটক আগে থেকেই জড়িত। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটকের পাশে দাঁড়ালে উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে। শিক্ষা সচিব সোহরাব হোসাইন ছাড়াও এনটিআরসিএ, শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।