স্টাফ রিপোর্টার
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে ‘জঙ্গি-অবক্ষয়-দুর্নীতি মানবে না এ সংস্কৃতি’ প্রতিপাদ্যে সুনামগঞ্জে আজ মঙ্গলবার থেকে শুরু হবে ‘জাতীয় নাট্যোৎসব।
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে মুনির চৌধুরীর নাটক ‘কবর’। ফরিদুল ফারদিনের নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ করবে সিলেটের নবশিখা নাট্যদল। ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জ বন্ধন থিয়েটার মঞ্চস্থ করবে জালাল উদ্দিন রুমির নাটক ‘পঞ্চবৃক্ষ পঞ্চশীলা’। নির্দেশনায় সামির পল্লব। ২০ ফেব্রুয়ারি নাট্যকার ড. মুকিত চৌধুরীর রচনায় মঞ্চস্থ হবে নাটক অপ্রাকৃতিক প্রকৃতি। ফখরুল হামিদের নির্দেশনায় নাটক মঞ্চস্থ করবে শায়েস্তাগঞ্জের দেশ নাট্যগোষ্ঠী।
জানা যায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ১২ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত চার শতাধিক নাট্য সংগঠনের অংশগ্রহণে ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হবে এ নাট্যোৎসব। সারাদেশে চার শতাধিক নাট্যদলের ত্রিশ হাজারেরও বেশি নাট্যকর্মী এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১২ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসবে ৩০২টি নাটক প্রদর্শিত হবে। এছাড়াও বিভিন্ন স্থানে পথনাটক পরিবেশিত হবে।