বিন্দু তালুকদার
আল আমিন, বয়স ১২ বছর। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা। কিন্তু বই খাতা ফেলে সেই বয়সেই আল আমিন একজন পাকা ড্রাইভার। প্রতিদিন সুনামগঞ্জ শহরের প্রধান রাস্তায় ইজিবাইক চালায় সে। শুধু আল আমিনই নয়। শহরে অসংখ্য শিশুরা রিকশা ও ইজি বাইক চালক।
যাত্রীবাহি যানবাহনের স্টিয়ারিং এসব কম বয়সী শিশুদের হাতে থাকায় যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন সাধারণ যাত্রীরা। শিশু অধিকার ও শ্রম আইনে শিশুদের দিয়ে কোন যানবাহন চালানো যাবে না, আইনত দণ্ডনীয় অপরাধ স্পষ্টভাবে উল্লেখ থাকলে এসব দেখার কেউ নেই।
আইন প্রয়োগকারী সংস্থা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের নেতাদের সামনেই প্রতিদিন রিকশা ও ইজিবাইকের চালকের আসনে বসে যাত্রী পরিবহন করছে এই শিশুরা। কারো কাছেই সুনির্দিষ্ট কোন তথ্য নেই শহরে কতজন শিশু এসব যানবাহন চালানোর সাথে জড়িত।
পৌরসভার লাইসেন্স শাখার পরিদর্শক আমির আলী অনেক শিশু চালক রয়েছে স্বীকার করলেও ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ দাবি করেন মাত্র ১৫-২০ টি গাড়ি হয়তো কম বয়সী চালকরা চালায়।
মঙ্গলবার বেলা পৌনে ১২ টায় আল আমিনের ইজি বাইকে করে ষোলঘর থেকে বাজারে আসার সময় তার কাছে জানতে চাওয়া হলে সে জানায়, তার বাড়ি দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি গ্রামে। প্রতিদিন সকাল ৮ টায় শহরে আসে সে। ষোলঘরের মাহবুব নামের একজনের ইজিবাইক চালায়। এত কম বয়সে ইজিবাইক চালানোর কাজে তার মা-বাবাসহ পরিবারের লোকজনের সম্মতি আছে কিনা জানতে চাইলে বলে,‘মা-বাবা সবাই না করে, আমি নিজের ইচ্ছাই গাড়ি চালাই। আমি একলাই চালাইনা, আমার লাখান আরো কতজনেই তো চালায়।’
মঙ্গলবার দুপুরে আল আমিনের ইজিবাইকের যাত্রী ছিলেন শহরের বিলপাড়ের বাসিন্দা ব্যবসায়ী বিপ্লব বর্মন। তিনি বলেন,‘এত কম বয়সে ছোট থাকতেই গাড়ীর স্টিয়ারিংয়ে হাত রাখছে। এরা গাড়ী চালালে তো যে কোন সময় দুর্ঘটনা ঘটবে। বাচ্চারা এত ছোট, না পারবে গাড়ি রক্ষা করতে না পারবে যাত্রীদের বাঁচাতে। নিজে বিপদে পড়বে ও অন্যকে বিপদে ফেলবে।’
ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ বলেন,‘আমরা শিশু শ্রমিক দিয়ে রিকশা ও ইজিবাইক চালানো সমর্থন করি না। পৌরসভা ও ট্রাফিক পুলিশের সহায়তায় আমরা নিজেরাই মাঝে মাঝে অভিযান চালিয়ে গাড়ি আটক করি। কিন্তু কিছু কিছু মালিক আমাদের অগোচরে কম বয়সীদের হাতে চাবি দিয়ে দেয়। যখন আমাদের নজরে পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেই। আমরা সকলের সহায়তায় শিশু চালকদের দিয়ে রিকশা ও ইজিবাইক চালানো বন্ধ করতে চাই। ’
সুনামগঞ্জ পৌরসভার লাইসেন্স শাখার পরিদর্শক আমির আলী শহরে শিশুরা রিকশা ও ইজিবাইক চালাচ্ছে স্বীকার করে বলেন, ‘আমরা মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে উপযুক্ত শ্রমিক দিয়ে রিকশা-ইজিবাইক চালানোর অনুরোধ করি। মালিক কথাও দেন কিন্তু পরে শিশু চালকদের হাতে গাড়ি তুলে দেন। আমরা মাঝে মাঝে অভিযান চালিয়ে গাড়ি আটক করি। কিন্তু নানা কারণে এক-দুই দিন পরই ছেড়ে দিতে হয়। প্রশাসন ও শ্রমিক-মালিক সংগঠন একসাথে কাজ করলে এসব রোধ করা সম্ভব হবে।’
সুনামগঞ্জ পুলিশ বিভাগের সার্জেন্ট মো. সালাউদ্দিন কাজল বলেন,‘ আমরা প্রতিমাসেই এ ব্যাপারে অভিযান পরিচালনা করি। শিশুদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া সম্ভব না হওয়ায় মালিকের বিরুদ্ধে ও যানবাহনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়। আমাদের পাশাপাশি মালিক-শ্রমিক ঐক্য সংগঠন নিজেরাও মাঝে মাঝে রাস্তায় কাজ করত। গত দুই মাস ধরে তারাও আর কোন কাজ করছে না। কারো একার পক্ষে এসব রোধ করা সম্ভব নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।’
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন বলেন,‘ প্রতিদিনই শহরে শিশুদেরকে রিকশা ও ইজিবাইক চালাতে দেখি। বিষয়টি আমাদের খুব খারাপ লাগে, কিন্তু আমাদের কিছু করার নেই। আমাদের কাছে এধরনের কোন ক্ষমতা দেয়া নেই।’ তিনি আরো বলেন,‘জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ইচ্ছে করলে এসব বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। ’