স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় ৬০ বছরের ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৫টায় ওই ধর্ষককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সোমবার গভীর রাতে পুলিশ শহরতলির হালুয়ারগাঁও থেকে ধর্ষক আব্দুল কাহারকে গ্রেপ্তার করে। এর আগে সন্ধ্যায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়।
সোমবার দুপুরে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী স্কুল থেকে ফেরার পর ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে ষাট বছরের আব্দুল কাহার। পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মামলা দায়েরের পর ধর্ষকের পরিবারের লোকজন দরিদ্র ওই পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় আছেন বলে জানিয়েছেন শিশু কন্যার মা ও বাবা।
পুলিশ ও শিশুর স্বজনরা জানান, সোমবার সকালে স্কুল থেকে এসে খাওয়া ধাওয়া করে মায়ের সঙ্গে ঘুমোতে যায় শিশুটি। একসময় মাকে ঘুমে রেখে বাইরে খেলতে যায় সে। এসময় প্রতিবেশি আব্দুল কাহার ফুসলিয়ে তার বসতঘরে নিয়ে মুখে চাপা দিয়ে ধর্ষণ করে শিশুটিকে। এঘটনার পর ঘরের মেঝে রক্তে ভেসে যায়। শিশুটির চিৎকারে ধর্ষকের পুত্রবধু পাপিয়া এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে তার মাকে ডাকেন। মায়ের কাছে পুরো ঘটনা জানায় ওই শিশু। তাৎক্ষণিকভাবে অসুস্থ্য শিশুকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
রাতে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। শেষে গভীর রাতে ধর্ষক আব্দুল কাহারকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
সুনামগঞ্জ সদর হাসপাতালের পরিচালক ডা. মো. আনিসুর রহমান বললেন, ধর্ষণের শিকার শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার সকল স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ধর্ষককে আদালতে সোপর্দ করে পুলিশ। কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানান, বিকাল পাঁচটা পর্যন্ত ধর্ষকের পক্ষে কেউ জামিন আবেদন না করায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।