স্টাফ রিপোর্টার
১০ মাসের শিশু রাজন রায়। এতটুকু বয়সে ভোগছে মরণব্যাধিতে। হৃদযন্ত্র ও থাইরয়েড গ্রন্থিতে তার জন্মগত ত্রুটি ধরা পড়েছে। সুস্থ হতে জরুরিভিত্তিতে তার উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। কিন্তু ফল বিক্রেতা শহরের শান্তিবাগ এলাকার বাসিন্দা রাজু রায়ের সন্তানের চিকিৎসার ব্যয় বহন করার সংগতি নেই । তিনি এখন স্ত্রী বিথি রায়কে নিয়ে সন্তানের জীবন বাঁচাতে ঘুরছেন বিত্তবানদের দ্বারে দ্বারে। ফুটফুটে শিশু সন্তানটির জীবন বাঁচাতে বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করছেন তারা।
রাজনের মা বিথি রায় বলেন, ‘আমরা গরীব মানুষ। এতো টাকা কই পাব।
সমাজের ধনী ব্যক্তিদের কাছে আমি দুঃখিনী মায়ের অনুরোধ, আমার ছেলেটারে বাঁচাতে একটু সাহায্য করুন।’ শিশু রাজনের অসুস্থতার সংবাদ দৈনিক সুনামগঞ্জের খবরে ছাপা হলে
শহরের বাঁধনপাড়া’র তরুণ শিল্পপতি শ্যামল রায় রাজনের চিকৎসার জন্য গত মাসে ১১ হাজার ৫০০ টাকা দিয়েছিলেন। গতকাল শুক্রবার আরও ১০ হাজার টাকা প্রদান করেছেন। রাজনের চিকিৎসার জন্য আরো অনেক হুদয়বানরা পাশে দাঁড়িয়েছেন।
এই পর্যন্ত প্রায় ৪৫ হাজার টাকা সংগ্রহ হয়েছে শিশুটির চিকিৎসার জন্য। রাজনের মা বিথি রায় জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার তারা তাদের সন্তানকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাবেন।
রাজনকে সাহায্য করতে যোগাযোগ করতে পারেন-০১৭৮২-৮৭৮১৬৪ এই নম্বরে। রাজু রায়, শান্তিবাগ, ৪নং ওয়ার্ড, সুনামগঞ্জ পৌরসভা।