বিন্দু তালুকদার
উন্নয়নশীল বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকার শিক্ষা-স্বাস্থ্যসেবার উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করছে। বাড়ির কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য কমিউনিটি ক্লিনিক চালু করেছে। কমিউনিটি ক্লিনিকে ২৯ প্রকারের ঔষধ পাওয়া যায়। সর্দি-কাশি, জ্বর, পেট ব্যাথাসহ বেশ কিছু রোগের প্রাথমিক চিকিৎসা সেবা হয় কমিউনিটি ক্লিনিকে। কিন্তু পরিবারের অজ্ঞতা ও কুসংস্কারের কারণে বিশ্বম্ভরপুরের রতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সখিনা খাতুন (৯) বিনা চিকিৎসায় মারা গেছে। সে রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়ার কুদ্দুস মিয়ার মেয়ে। ৪ বোন ৩ ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়।
গত ৮-১০ দিন ধরে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে বিছানায় ছটফট করেছে শিশু সখিনা খাতুন। পরিবারের দাবি কেউ তাকে চড় মেরেছে (জ্বিন-ভুতে ধরেছে) তাই চিকিৎসা না করিয়ে গ্রাম্য করিরাজী (ফু-পানি পড়া) করানো হয়েছে অসুস্থ সখিনাকে। এর ফলে চিকিৎসার অভাবে ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর কাছে হার মেনেছে সে। অথচ তার গ্রামের পাশে পূর্ব মাঝেরটেক গ্রামে রয়েছে কমিউনিটি ক্লিনিক।
বৃহস্পতিবার বিকালে পৌনে ৩ টায় নিজ বাড়িতে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়েছে তার। তার অকাল মৃত্যুর খবরে বিদ্যালয়ের সহপাঠি ও শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের হৃদয় নাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার রাতেই গ্রামের কাছের বাঘবেড় বাজারে তার লাশ দাফন করা হয়। সন্ধ্যায় তার জানাযায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মছুা মিয়াসহ গ্রামের লোকজন।
মধুর কণ্ঠের অধিকারী শিশু সখিনা খাতুনের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া বিরাজ করছে। সখিনার অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও শোক প্রকাশ করছেন বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ।
রতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে নিজের ফেইসবুক আইডিতে লিখেছেন,‘মেয়েটি চমৎকার পল্লীগীতি গাইতো-‘মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে/ তোমারে পুষিলাম কত আদরে’ এই গানটি গেয়ে উপজেলা পর্যায়ে প্রথম হয়েছিল, আজ সত্যি সত্যিই তার পোষা আদরের ময়না তার দেহ থেকে উড়ে গেল!
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে বলেন,‘ সখিনা খাতুন খুব ভাল গান গাইত। সে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। পরিবারের অজ্ঞতা ও কুসংস্কারের কারণে বিনা চিকিৎসায় একটি উজ্জ্বল ভবিষ্যতের অপমৃত্যৃ হয়েছে। তার অসুখের বিষয়টি আমরা গতকাল বুধবার জেনেছি। তার পরিবারকে অনুরোধ করেছি চিকিৎসা সেবা দেয়ার জন্য। তার পরিবারের দাবি কে তাকে চড় মেরেছে (জ্বিন-ভুতে ধরেছে)। তাই প্রকৃত চিকিৎসা না করিয়ে জ্বীনের চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেই তাকে বাঁচানো যেত।’
বিশ্বম্ভরপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অনুকূল দাস নিজের ফেইসবুক আইডিতে লিখেছেন,‘ আজ (বৃহস্পতিবার) সারাদিন রতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, পাঠদান পর্যবক্ষেণ ও ফিডব্যাক প্রদান করি। পরিদর্শন শেষ করে উঠব এমন সময় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সখিনা খাতুনের মৃত্যুর খবর আসে। যাকে বিদ্যালয়ে আসার পূর্বে শিক্ষকগণ দেখে এসেছেন। তার কণ্ঠে ছিল আকুতি। সে কবে ভাল হয়ে আবার বিদ্যালয়ে আসতে পারবে। সখিনার আর বিদ্যালয়ে আসা হল না। ভাইরাস জ্বর কেড়ে নিল সখিনার প্রাণ। সখিনা জ্বরে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে জ্বরের ঘোরে বেহুস হয়ে প্রলাপ বকতো। সখিনার প্রলাপকে তার অভিভাবকরা জ্বীনে ধরেছে বা উপরি লেগেছে মনে করে ডাক্তারের কাছে না নিয়ে উপরি বাতাস বা জ্বীন তাড়ানোর ব্যবস্থা করেছিলেন। শিক্ষকগণ তাকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। শিক্ষকগণ আমার কাছে যখন এসব বলছিলেন তখন তাদের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছিল। বুঝাই যাচ্ছিল সখিনাকে তারা কতটুকু ভালবাসতেন। গ্রামের আনাচে কানাচে মানুষ এখনও কত অসচেতন/অন্ধবিশ্বাসী সখিনার মৃত্যু আবারও সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।