- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিশু সন্তান নিয়ে যেভাবে বেঁচে গেলেন জয়ন্তী

জগন্নাথপুর অফিস
‘রাখে আল্লাহ মারে কে’ প্রবাদের মতো ট্রলার ডুবির মতো বড় দুর্ঘটনা থেকে ছোট শিশু মেয়েকে নিয়ে বেঁচে গেলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওর বেষ্টিত বাউধরন গ্রামের জয়ন্তী রানী বৈদ্য নামের এক গৃহিনী। রবিবার ট্রলার ডুবিতে মইয়ার হাওরে এক জনের লাশ উদ্ধার ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটলেও কোন ধরনের আঘাত ছাড়াই ছয় মাসের শিশু সন্তানকে নিয়ে পাড়ে উঠতে সক্ষম হন ওই নারী।
ঘটনার পর তিনি এ প্রতিবেদককে বলেন, আমি সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞ। আমার শিশু সন্তানসহ আমাদেরকে নতুন জীবন দিয়েছেন। ট্রলার যোগে তিনি স্বামীর সাথে জগন্নাথপুর উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, কীভাবে বাঁচলাম বলতে পারব না। সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করেছেন। তিনি বলেন, হঠাৎ করে নৌকাটি উল্টে গেলে সবাই পানিতে পড়েন। তিনি ও তার সন্তান গিয়ে পড়েন মাটিতে। অনেক সময় ভয়ে তিনি ও সন্তান কাঁপছিলেন বলে জানান। পরে আরেকটি নৌকা এলে তিনি বাড়ি ফিরে যান।
     

  • [১]