- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিশু সাদিয়া হত্যা প্রধান আসামীকে বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

জাউয়াবাজার প্রতিনিধি
ছাতকের আলোচিত শিশু সাদিয়া হত্যা মামলার প্রধান আসামীকে বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে ছাতক থানা পুলিশ। স্পর্শকাতর এমন একটি শিশু হত্যা মামলায় প্রধান আসামীকে বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রদান করায় হতাশা নেমে এসেছে বাদি পরিবারে। গত ২৯ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই আব্দুল মান্নান প্রধান আসামি জমসিদ আলীকে বাদ দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন প্রদান করেছেন। প্রধান আসামীকে বাদ দেয়ায় মামলার ভবিষ্যৎ নিয়ে আশংকা প্রকাশ করছেন বাদীর পরিবার এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকাও করছেন তারা।
নিহত শিশুর পিতা মামলার বাদী আব্দুস সালাম জানান, মূল ঘটনাকারী খুনীকে চূড়ান্ত প্রতিবেদন থেকে বাদ দেয়ার বিষয়টি রহস্যজনক। মোটা অংকের উৎকোচের বিনিময়ে খুনীকে আড়াল করতেই এ জঘন্য কাজ করা হয়েছে। ন্যায় বিচারের জন্য বিজ্ঞ আদালতের শরণাপন্ন হবেন বলে তিনি জানান। গত বছরের ১১ আগস্ট গভীর রাতে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের আগিজাল গ্রামের আব্দুস ছালামের শিশু কন্যা ঘুমন্ত সাদিয়া বেগম(৪)কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এসময় আহত হয় সাদিয়ার পিতা আব্দুস ছালামও। এ ঘটনায় আব্দুস ছালাম বাদী হয়ে ১৩ আগস্ট একই গ্রামের জমসিদ আলীকে প্রধান আসামী করে ৭জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ৬ মাস তদন্তের পর ২৯ ফেব্রুয়ারি প্রধান আসামীকে বাদ দিয়ে এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান জানান, তদন্তে  ঘটনার সাথে জমশিদ আলীর সংশ্লিষ্টতা না থাকায় তাকে বাদ দেয়া হয়েছে।

  • [১]