বিশেষ প্রতিনিধি, অমিত দেব ও আলী আহমদ
সুনামগঞ্জের সবচেয়ে বড় সেতু’র নির্মাণ কাজের উদ্বোধন হচ্ছে আজ (শনিবার)। এই স্বপ্নের সেতু সুনামগঞ্জবাসীর সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার কমিয়ে দেবে। সড়ক ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীর কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আজ ১১ টায়। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন এলাকার সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। এদিকে, সেতু’র নির্মাণ কাজ শুরু হতে ন হতেই সেতু’র নামকরণ নিয়ে নানা মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন আলোচনায় ওঠে আসছে সেতু’র নামকরণের বিষয়টি।
গত কয়েকদিন ধরে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে কেউ কেউ বলেছেন,‘সৈয়দ শাহ্নুর- রাধারমণ দত্ত’ যৌথ নামে সেতুটির নামকরণ হতে পারে। ‘সৈয়দ শাহনুর (জন্ম ১৭৩০ এবং মৃত্যু ১৮৫৪) একজন বিখ্যাত সাধক, মরমী কবি ও সাহিত্যিক। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে বসবাস করেছেন। সাধক কবি ও পীর হিসেবে সমধিক পরিচিত তিনি। সৈয়দ শাহনূর বিরচিত আধ্যাত্মিক গান বাংলাদেশের মরমী ভুবনকে সমৃদ্ধ করেছে। সিলেটের মরমী সাহিত্যে সৈয়দ শাহ নুরকে সকলের উর্ধে স্থান দেয়া হয়।
জগন্নাথপুরের আরেক মরমি সাধক রাধারমণ দত্ত।‘তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে/ কিংবা জবা কুসুম সন্ধ্যামালী আনরে তুলিয়া মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া’- রাধারমণ দত্তের কালজয়ী জনপ্রিয় কুঞ্জ সাজানোর গানের সুরে ভূবন মাতোয়ারা হলেও রাধারমণ দত্তের নামে সুনামগঞ্জের কোথাও কোন স্থাপনা বা স্মৃতিচিহ্ন নেই। গত কয়েক দিন হয় অনেকে ফেইসবুকে স্ট্যাটাসে কুশিয়ারায় নির্মিতব্য বৃহৎ রানীগঞ্জ সেতু এই দুই মরমি সাধকের যৌথ নামে-‘শাহনুর-রাধারমণ’ সেতু দেখতে চান বলে উল্লেখ করেছেন।
আবার অনেকে বিবৃতি দিয়ে দাবি করেছেন,‘স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদ জগন্নাথপুর উপজেলার বুরাখালিতে ১৯২৬ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথপুরের আলোকিত রাজনীতিক ছিলেন। যেহেতু সেতুটি জগন্নাথপুরের রানীগঞ্জে হচ্ছে, সেহেতু সেতুটি তাঁর নামেই হউক।
আবার কেউ কেউ বলছেন,‘মেধাবী রাজনীতিক, সজ্জন মানুষ এম এ মান্নান এই আসনের দুই বারের এমপি, বর্তমানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জসহ সুনামগঞ্জের অনেক উন্নয়ন তাঁর প্রচেষ্টায় হয়েছে। কিন্তু কোন স্থাপনায় তাঁর নাম নেই। সুতরাং এই বৃহৎ সেতুটি তাঁর নামেও হতে পারে’।
আবার কারো কারো মতে নামকরণ নিয়ে এতো ঝামেলায় না গিয়ে রানীগঞ্জে কুশিয়ারায় নির্মিত সেতু ‘রানীগঞ্জ কুশিয়ারা সেতু’হিসাবেই পরিচিতি পেতে পারে’।
জগন্নাথপুরের কেশবপুরের বাসিন্দা রাধারমণ সংস্কৃতি পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলী আফরুজ বলেন,‘প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ আমাদের সকলের সম্মানীয়, তিনি জগন্নাথপুরের কৃতি সন্তান ছিলেন, তাঁর নামে ইতিপূর্বে স্কুল, সড়ক, সেতু ও মিলনায়তনসহ অনেক স্থাপনার নামকরণ হয়েছে। এম এ মান্নানের নামে কোন স্থাপনা না হলেও অনেক ভিত্তিপ্রস্তরে উদ্বোধক হিসাবে তাঁর নাম রয়েছে। কিন্তু বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধকারী সুনামগঞ্জের সৈয়দপুরের বাসিন্দা সুফি সাধনার সফল সাধক সৈয়দ শাহনুর ও জগন্নাথপুরের কেশবপুরের বাসিন্দা সহজিয়া বৈষ্ণব সাধক রাধারমণ দত্তের নামে কোন প্রতিষ্ঠানের নামকরণ হয়নি। আমরা চাই রানীগঞ্জ সেতুটি’র নামকরণ হউক ‘শাহনুর-রাধারমণ’ সেতু।
আবার জগন্নাথপুরের ইকরছইয়ের বাসিন্দা সেলিম মিয়া বলেন,‘জগন্নাথপুরের বোরাখালির বাসিন্দা প্রয়াত জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুস সামাদ আজাদ এই সড়কের কাজ শুরু করেছিলেন, এখন সড়কের কাজ শেষ হয়ে কুশিয়ারা সেতু হচ্ছে, সেতুটি তাঁর নামে হলেই আমরা খুশি’।
জগন্নাথপুরের বাসিন্দা সজিব রায় দুর্জয় বলেন,‘সজ্জন রাজনীতিক এমএ মান্নান জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের দুই বারের এমপি বর্তমানে তিনি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। জ্যেষ্ঠ এই নেতা বিগত কয়েক বছরে জগন্নাথপুরে ও দক্ষিণ সুনামগঞ্জে বহু উন্নয়ন করেছেন। এই সেতুটি তাঁর স্বপ্নের বাস্তবায়ন, সেতুটি তাঁর নামে হলেই ভাল হয়’।
রানীগঞ্জের একজন জনপ্রতিনিধি নিজের নাম না লেখার অনুরোধ জানিয়ে বলেন,‘আমরা উন্নয়ন চাই, নাম দিয়ে কাজ কী হবে, রানীগঞ্জে হচ্ছে কুশিয়ারা সেতু, এটি‘রানীগঞ্জ কুশিয়ারা সেতু’ হিসাবেই পরিচিতি পেতে পারে’।
সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন,‘সেতু’র নির্মাণ কাজ শেষ হলে চলাচলের জন্য উন্মুক্ত করে দেবার সময় নামকরণ হয়। এক্ষেত্রে কখনও কখনও নামকরণ হয়, আবার কখনও কখনও প্রথমে যে নাম থাকে সেটিই বহাল থাকে। যেমন এটি রানীগঞ্জ কুশিয়ারা সেতু হিসাবেই থাকতে পারে, আবার সরকার সিদ্ধান্ত নিয়ে নতুন নামও দিতে পারেন’।
প্রসঙ্গত. ২০১৪ সালের ২৫ জুন একনেকের সভায় প্রধানমন্ত্রী অত্যাধুনিক বক্স গার্ডার বিশিষ্ট এই সেতুর ১২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেন। গত বছর জুন মাসে সেতুর দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশ নেয় দেশী বিদেশী তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান। অবশেষে যৌথভাবে কাজ পায় চায়নিজ কোম্পানী সিআর ২৪ বি এবং বাংলাদেশী প্রতিষ্ঠান এমবিইএল। ৭০২ দশমিক ৩২ মিটার দীর্ঘ ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্তের অত্যাধুনিক বক্স গার্ডার সেতুটি হবে দুই লেন বিশিষ্ট। সেতুর দুই পাশে লোকজন চলাচলের জন্য থাকবে ফুটপাত। মুল সেতুর বাইরে থাকবে ২ দশমিক ৫ কিলোমিটর এপ্রোচ সড়ক। ঠিকাদারী প্রতিষ্ঠান মালামাল এনে সেতুর পাড়ে কাজ শুরু করে দিয়েছেন। সেতু নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘তিন বছরের মধ্যে সেতুটির কাজ শেষ করার কথা থাকলেও আমরা আশাবাদী আড়াই বছর সময়ের মধ্যেই সেতুটির পুরো কাজ শেষ করতে পারব।’