- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শুরু হলো কাল বৈশাখির মৌসুম অজানা আশঙ্কায় কাঁপছে কৃষকের বুক

আজ থেকে চৈত্র মাস শুরু হয়েছে। অর্থাৎ কাল বৈশাখির পুরো মৌসুম শুরু মূলত আজ থেকেই। ভাটি সুনামগঞ্জের প্রধান ফসল বোরো ধান কাটা শুরু হয়ে যাবে আর ১৫ দিনে পর থেকেই। কৃষকরা সবুজ হাওরের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন সুদিনের প্রত্যাশায়। আবার আকাশের কোণে কালো মেঘ দেখলেই কৃষকদের বুক ভয়ে কেঁপে উঠে এক অজানা আশঙ্কায়। কখন না জানি আবার শুরু হয় শিলাবৃষ্টি অথবা অতিবৃষ্টি। বোরো ফসল উৎপাদনের সাথে প্রাকৃতিক দুর্যোগের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। কখনও শিলায় কখনও জলে প্রতিবছরই জেলার কোথাও না কোথাও কিছু না কিছু জমির ধান বিনষ্ট হয়ই। এই ক্ষতি সার্বিক বিবেচনায় জেলার ফসল উৎপাদনে সবসময় একটা হিসাবের মধ্যেই থাকে। কিন্তু বিপত্তি বাঁধে তখনই যেবছর প্রাকৃতিক দুর্যোগ সীমা ছাড়ায়। সীমান্তবর্তী জেলার নিকটবর্তী মেঘালয় পাহাড়ে বৃষ্টি হলে পানি গড়িয়ে ভাসিয়ে নেয় আমাদের হাওরের পর হাওর। একটানা বৃষ্টিপাত হতে থাকলে জলাবদ্ধতার শিকার হয় সোনার ফসল। কৃষকদের প্রতিবছরকার এই শঙ্কা এই ভীতি এবারেও সমানভাবেই তাদের মনে লুকিয়ে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য সরকার প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করে অস্থায়ী বাঁধ নির্মাণ ও মেরামত/সংস্কার করে দেন। এবার অতীতের সকল রেকর্ড ভেঙে সরকার এসব অস্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ/সংস্কারের জন্য ৬৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা প্রকৃতপক্ষে কৃষকের কোন কাজে আসছে কিনা সেটি এক অপার রহস্য হয়েই আছে। কারণ এই টাকায় নির্মিতব্য বাঁধগুলো ২৮ ফেব্র“য়ারির মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। অথচ নির্ধারিত সময়ের এক মাস পেরিয়ে গেলেও সার্বিক বাঁধের কাজের অগ্রগতির হার ৪০ থেকে ৫০ ভাগের বেশি নয়। এই তথ্য পাওয়া যায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকেই। বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসাররাও বাঁধ এলাকা ঘুরে এসে তীব্র অসন্তষ্টি প্রকাশ করেছেন। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দিরাই, শাল্লা উপজেলার কোথাও কোন বাঁধের কাজ শেষ হয়নি। কিছু বাঁধের কাজ আদৌ এখনও শুরুই হয়নি। ভূক্তভোগীদের অভিমত, কোনও ভাবে মৌসুম পার করতে চাচ্ছে পাউবো। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে কাজ না করেই সম্পূর্ণ বিল তোলার মওকা খুঁজছেন ঠিকাদার-প্রকৌশলীরা। আর যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলেও ঠিকাদার-প্রকৌশলীদের চিন্তার কিছু নেই। তারা জানেন, এরকম হলে কিছু দিন পত্র-পত্রিকায় গরম খবর ছাপা হবে, এরপর পরিস্থিতি আবারও স্বাভাবিকত্ব অর্জন করবে।
বাঁধের কাজ তদারকির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে যে তদারকি কমিটির অস্তিত্ব রয়েছে তাদের আদতে তেমন কোন ক্ষমতা নেই বলেই প্রতিভাত হচ্ছে। মূলত বাঁধের নির্মাণ কাজ ঠিকাদার, পাউবো ও পিআইসিই পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। এই তিনপক্ষের বাইরে বাঁধ নির্মাণে আর কারও তেমন করণীয় নেই। এই তিনপক্ষ আবার তেল-জলের মতো মিলে মিশে একাকার। সুতরাং ভয় কিসের? কিন্তু এরকম অবস্থার মধ্যেই কি অরক্ষিত থাকবে আমাদের বিশাল হাওরগুলো? প্রতিবছরের নৈমিত্তিক আহাজারি আর কতদিন চালিয়ে যেতে হবে? কৃষকরা এর উত্তর কিছুই জানেন না। তারা বৃষ্টি হলে বজ্রপাত হলে পাহাড়ি ঢল হলে কেবল বিলাপ করতেই পারেন। আর ফসল হারিয়ে সারা বছর অসহ্য অভাবের তাড়না সহ্য করতে পারেন। কিন্তু কোন প্রতিকার করতে পারেন না। ‘জনগণই সকল ক্ষমতার উৎস’ এই আপ্তবাক্য বারবারই মাঠে মারা যায়, ফসলের বাঁধ নির্মাণে এসে এটি তো চিরকালের জন্য মাটিচাপা পড়েই আছে।

  • [১]