- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শুরু হয়নি বাঁধের কাজ, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন প্রকল্প সভাপতি

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না করায় ইউএনওর কার্যালয়ে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন প্রকল্প সভাপতি। সোমবার সন্ধ্যা ৭টায় বাঁধের কাজ শুরু না করার অভিযোগে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ডেকে এনে প্রকল্প সভাপতি বদিউজ্জামাল মঙ্গলবারের মধ্যে কাজ শেষ না করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।
সোমবার সরজমিন মাটিয়ান হাওরে গিয়ে দেখা যায়, হাওরের অন্যান্য প্রকল্পে ৩০ ভাগ কাজ সম্পন্ন হলেও মাটিয়ান হাওরের স্লুইস গেট সংলগ্ন ৫৭ নং ফসল রক্ষা বাঁধে কোনো মাটি পড়েনি। বাঁধে কথা হয় মাটিয়ান হাওরপাড়ে নিয়োজিত পাহারাদার বাবুল মিয়ার সাথে।
বাবুল মিয়া জানান, মাটিয়ান হাওরের গুরুত্বপূর্ণ বাঁধ হলো ৫৭ নং প্রকল্প। বিগত বছর এ বাঁধটি ১০ ফেব্রুয়ারির মধ্যেই সমাপ্ত হয়েছে। এ বছর পিআইসি কেন বাঁধের কাজটি শুরু করেনি তা আমরা বুঝতে পারিনি।
সোমবার মাটিয়ান হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে যান সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের উপ পরিচালক এমরান হোসেন ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। এ সময় বাঁধের কাজ শুরু না হওয়ায় তাঁরা দ্রুত কাজ শুরু করার জন্য মোবাইল ফোনে প্রকল্প সভাপতিকে নির্দেশ দেন ।
৫৭ নং প্রকল্পের সভাপতি বদিউজ্জামাল বলেন, মাটি কাটার জন্য আমি এসকেভেটর যোগার করতে পারিনি, তাই কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী এমরান হোসেন বলেন, মাটিয়ান হাওর ৫৭ নং প্রকল্পের কাজ শুরু করার জন্য জানুয়ারির ২০ তারিখ অগ্রিম বিল ৩ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। কাজ শুরু না করার কারণে ৬ জানুয়ারি বদিউজ্জামালকে শোকজ করা হয়েয়েছিল। সোমবার বদিউজ্জামানকে তলব করে আনা হলে তিনি দ্রুত কাজ সম্পন্ন করে দিবেন মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, প্রকল্প সভাপতি বদিউজ্জামাল মঙ্গলবারের মধ্যে কাজ সমাপ্তি করবেন, না করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।

  • [১]