- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শূন্য ভোট ও প্রস্তাবক-সমর্থকদের পালটি খাওয়া

গতকালকের দৈনিক সুনামগঞ্জের একটি খবরের তথ্য অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বি ১২ প্রার্থী একটি ভোটও পাননি। আরেক খবরের তথ্য হলো চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রবাসী নিজেদের প্রস্তাবক ও সমর্থকদের ভোটটি নাকি পান নি। যে ১২ সদস্য প্রার্থী শূন্য ভোট পেয়েছেন তাদের ক্ষেত্রেও নিজেদের প্রস্তাবক ও সমর্থকের ভোট না পাওয়ার বিষয়টি একটি নির্জলা বাস্তবতা। খবরগুলো চমকপ্রদ হলেও এর মধ্য দিয়ে গণতান্ত্রিক রীতি-নীতি চর্চায় এক ধরনের ভয়াবহ অধঃপতনের পরিচয় মিলে। জেলা পরিষদ নির্বাচনটি এমন একটি বিশেষায়িত নির্বাচন ছিলো যেখানে কোন প্রার্থী নিজে ভোটার নন। অর্থাৎ একটি নির্দিষ্ট নির্বাচকম-লী তাঁদেরকে ভোট দিয়ে বিজয়ী বা পরাজিত করেছেন। যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচনী বিধিমালা অনুযায়ী তাঁদের প্রত্যেকের একজন করে প্রস্তাবক ও সমর্থক অপরিহার্য ছিল। প্রস্তাবক ও সমর্থকদের অবশ্যই নির্দিষ্ট নির্বাচকম-লীর একজন হতে হবে। অর্থাৎ প্রস্তাবক ও সমর্থক নিজেরা ভোটার। যিনি কোন নির্দিষ্ট প্রার্থীর নাম প্রার্থী হিসাবে প্রস্তাব করেছেন এবং যিনি এই প্রস্তাবটি সমর্থন করেছেন, ধরে নেয়া অতি সংগত যে অন্তত এই দুই ভোটার প্রার্থীর সমর্থনে রয়েছেন। কিন্তু যখন কোন প্রার্থী একটি ভোটও পান না তখন বুঝে নিতে অসুবিধা হয় না ওই প্রস্তাবক ও সমর্থক নিজের মনোনীত প্রার্থীকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোটটি দিয়েছেন। এর চাইতে অনৈতিক চর্চা আর কী হতে পারে? সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনটি আমাদের এমনই এক হতাশাজনক উদাহরণ উপহার দিল।
নিজেদের প্রস্তাব ও সমর্থনের বিষয়টি বেমালুম ভুলে গিয়ে যারা রাস্তা পালটে ফেলেছেন তাঁরা প্রার্থীদের নিকট চিহ্নিত। কিছু কিছু ক্ষেত্রে এই পালটি খাওয়া নায়কেরা অন্যদের কাছে চিহ্নিতও হয়েছেন, হবেন। সবচাইতে বড় কথা এরা এখন নিজের বিবেকের কাছে কী জবাব দিবেন? যারা নিজেদের সমর্থনের বাইরে চলে গেলেন তাঁরাও কোন না কোন পর্যায়ের জনপ্রতিনিধি। জনগণ তাঁদের সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তাঁদের যারা নির্বাচক অর্থাৎ নির্দিষ্ট এলাকার সাধারণ ভোটার সেই ভোটারদের কাছে তাঁদের ভাবমূর্তি আজ কোথায় গিয়ে ঠেকল? এর ফলে ও্ই জনপ্রতিনিধিরা সমাজে যে দৃষ্টান্ত স্থাপন করলেন সেটি কি কোনভাবে দেশের গণতান্ত্রিক চর্চা, গ্রামীণ নেতৃত্বের বিকাশ, স্থানীয় সরকার কাঠামোর উন্নয়ন তথা সার্বিকভাবে সামাজিক উন্নয়নে ন্যুনতম কোন ভূমিকা রাখতে পারে? নিশ্চয়ই না। বরং এটি গলার কাঁটার মতো হয়েই বিঁধা থাকবে। নিশ্চিতভাবেই এটি একটি মন্দ উদাহরণ হয়ে রইলো।
ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আমরা যে সুশাসন ও সুপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই সেখানে এমন উদাহরণ কখনও আশা জাগানিয়া কোন সূত্র হতে পারবে না। এটি গণতান্ত্রিক রীতি চর্চার বিষয়টিকেই কেবল প্রশ্নবিদ্ধ করবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব হ্রাস করবে। সুতরাং এমন পালটি খাওয়া ব্যক্তিদের কবল থেকে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে রক্ষা করা যায় তাই ভেবে দরকার বলে সচেতন মহল মনে করেন। তর্কের খাতিরে তারা বলতে পারেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব। হ্যাঁ, খুবই সত্য কথা। কিন্তু এক্ষেত্রে কারও সমর্থক-প্রস্তাবক হওয়ার আগেই বিষয়টি ভেবে দেখা দরকার ছিল তাদের। তাহলে অন্তত এখন এইভাবে অপ্রিয় প্রশ্নগুলো উঠতো না। একই সাথে তারা নিজেরাও দ্বিচারিতার যন্ত্রণা থেকে রেহাই পেতেন।
আমরা জনপ্রতিনিধিদের দেখতে চাই আকাশের সূর্যের আলোর মতো দীপ্তিময়। তাঁরা হবেন সকলের কাছে অনুসরণযোগ্য, সম্মানীত ও শ্রদ্ধাস্পদ। তাই তো এতো কথা। এতো আকুতি সকলের।

  • [১]