- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শেখ হাসিনার জন্মদিন আজ

সু.খবর ডেস্ক
বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিন তিনি গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কান্ডারিসহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি। শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে তিনি নারীর ক্ষমতায়নে তাঁর অসাধারন অবদানের স্বীকৃতি হিসাবে ‘পানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
এছাড়াও জাতিসংঘের ৭০তম অধিবেশনেও তিনি দুটি পুরস্কারে ভূষিত হন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক   
 পর্যায়ে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা এবং বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুগান্তকারী উদ্যোগের জন্য ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরষ্কার লাভ করেন শেখ হাসিনা। এর আগে রাষ্ট্র পরিচালনায় দক্ষতা, সৃজনশীলতা এবং সাফল্যের জন্য আন্তর্জাতিকভাবে তিনি ‘সাউথ সাউথ’ ও ‘সেরেস’ পদকসহ অন্যান্য পুরস্কারে ভূষিত হন। বাংলাদেশে নারী ও শিশুর উন্নয়নে ভূমিকা রাখার জন্য ইউনেস্কো থেকে ‘শান্তির বৃক্ষ (ট্রি অব পিস) অভিধায়ও সিক্ত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর দেশের সরকারি হাসপাতালসহ সব ধরনের স্বাস্থ্যকেন্দ্রে ২ ঘণ্টা বেশী স্বাস্থসেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। চিকিৎসকেরা এইদিন সকাল ৮ টা থেকে বেলা ২টার পরিবর্তে ৪টা পর্যন্ত মানুষকে সেবা দিবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সারাদেশের সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভাসহ বিভিন্ন মানবিক কর্মসূচির মধ্য দিয়ে সভাপতি শেখ হাসিনা’র ৭১তম শুভ জন্মদিন পালন করার জন্য দলের জেলা, উপজেলাসহ সকল শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • [১]