- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শেখ হাসিনা উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন -পরিকল্পনা মন্ত্রী

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারা দেশে যে উন্নয়ন হচ্ছে, তা দৃষ্টান্ত স্থাপন করার মতো। সুনামগঞ্জ জেলায়ও অনেক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতায় হচ্ছে শান্তিগঞ্জের পাগলায় মহাসিং নদীর উপর সেতু নির্মাণ। আশা করছি আগামী দু’বছরের মধ্যে সেতুটি দৃশ্যমান রূপ ধারণ করবে। আমাদের সরকার অনেক উন্নয়ন করছে। সরকারের প্রতি আস্থা রাখতে পারেন। সরকার জনগণের পাশে আছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে রায়পুর-কাদিপুর অংশে মহাসিং নদীর উপর সেতু নির্মাণের জায়গা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মহাসিং নদীর এ অংশে একটি সেতু করবো এটি আমার স্বপ্ন ছিলো। আমি সংসদ সদস্য হবার পর থেকেই চেয়েছি সেতুটি হোক। এই উপজেলায় আরো অনেক কাজ করেছি। নোয়াখালীতে সেতু করেছি, পাথারিয়ায় সেতু নির্মাণের কাজ চলমান। এখন পাগলার এ সেতুর কাজ শুরু হবে। ইতোমধ্যে নদীর গভীরতা যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এটি পাগলার জন্য অনেক উন্নয়ন বয়ে আনবে। কাজটি সম্পন্ন করতে সকলের সহযোগিতা দরকার।
স্থানীয় নেতা কর্মীরা তাৎক্ষণিক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নামে সেতুটির নামকরণের দাবি জানালে- উত্তরে মন্ত্রী বলেন, আমি চাই এলাকার উন্নয়নে অবদান রেখেছেন এমন কোনো বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধার নামানুসারে সেতুটির নামকরণ করা হোক।
এসময় উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জগলুল হায়দার ও সাবেক চেয়ারম্যান মো. নূরুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • [১]