স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে শেষ মুূহূর্তেও তদবিরে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের নেতৃত্বে জেলার ৩ এমপি, জেলা পরিষদ প্রশাসক ও এক উপজেলা পরিষদ চেয়ারম্যান দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নিজেদের বক্তব্য জানানোর পর রাতে অন্য পক্ষের তদবির করেছেন কেন্দ্রীয় দায়িত্বশীল আরেক নেতা। বুধবার দুপুরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সিলেট বিমান বন্দরে অভ্যর্থনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানসহ কয়েকজন নেতা। সব কিছুই করা হচ্ছে জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুটি পদ সভাপতি ও সম্পাদক নিজেদের পক্ষে বাগানোর জন্য।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের নেতৃত্বে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জ- মৌলভীবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা এমপি, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক দলীয় সভানেত্রীর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন।
প্রায় ৪০ মিনিটের সাক্ষাৎপর্বে দলীয় সভানেত্রীকে তাঁরা বলেছেন,‘সুনামগঞ্জে দলীয় কার্যক্রম চলছে অগঠনতান্ত্রিকভাবে, যখন-তখন, যেমন খুশি-তেমন কমিটি হচ্ছে। দল এবং এমপিদের আলাদা করে দেওয়া হচ্ছে। দলীয় সভায়ও দায়িত্বে থাকা এমপিদেরর দাওয়াত দেওয়া হচ্ছে না, এই অবস্থায় দলীয় সংসদ সদস্যরা বিব্রতকর অবস্থায় পড়েছেন, এভাবে চলতে থাকলে দল এবং সংসদ সদস্যরা আলাদা হয়ে যাবেন, দলে মুক্তিযোদ্ধা, সজ্জন রাজনীতিক এবং ৭৫’এ জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা নির্যাতিত হয়েছিলেন, তাঁরা অবহেলিত’।
মঙ্গলবার রাতেই আবার দলীয় সভানেত্রী’র সঙ্গে কেন্দ্রীয় দায়িত্বশীল একজন নেতা দেখা করে দলের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিগত সময়ের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন।
বুধবার দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সিলেট বিমান বন্দরে অভ্যর্থনা জানান জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম। সৈয়দ আশরাফুল ইসলামকে তাঁরা সম্মেলন প্রস্তুতির কথা জানান।
দলীয় সভানেত্রী বা দলীয় সাধারণ সম্পাদক কেউই জেলা আওয়ামী লীগের সভাপতি বা সম্পাদক কারা হচ্ছেন, তা জানাননি বা আকার ইঙ্গিতেও বুঝাননি বলে জানা গেছে। তবে বিগত সময়ের ইউনিট কমিটি গঠনসহ কিছু কার্যক্রম নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন দলীয় সভানেত্রী।