বিশেষ প্রতিনিধি
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল (বুধবার)। শেষ মুহূর্তে পরস্পর বিরোধী অভিযোগ করছেন সুনামগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরা। কেউ কেউ পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ করেছেন। কেউ বা স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও অভিযোগ জানাচ্ছেন। মধ্যনগর থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ গেছে, পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি’র) কাছে। জানিয়েছেন ওখানকার একজন চেয়ারম্যান প্রার্থী।
সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর ও শাল্লার ১৪ ইউনিয়নের নির্বাচন পাঁচ জানুয়ারি। ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম রাজা চৌধুরীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ ওঠেছে। সোমবার ওই ইউনিয়নের রংপুরহাটি গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে কয়েস মিয়া (৩৮) একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোনায়েদ চৌধুরীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেন।
কয়েস মিয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, রোববার রাত সাড়ে ১১ টায় জোনায়েদ চৌধুরী তার লোকজন নিয়ে কয়েস মিয়ার বাড়িতে আসেন এবং কয়েস মিয়ার হাতে ১ হাজার টাকা দেন। এই টাকা সেলিম রাজা চৌধুরী কয়েস মিয়াকে দিয়েছেন এমনটি বলার জন্য কয়েস মিয়াকে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হয়। কয়েস মিয়া ভয়ে এমন স্বীকারোক্তি দিলে আরাফাত চৌধুরী নামের একজন ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। কয়েস মিয়া পরদিন অর্থাৎ সোমবার সকালে বিষয়টি স্থানীয়দের জানান। ততক্ষণে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কয়েস মিয়ার এমন ভিডিও ছড়িয়ে পড়ে। এতে করে সেলিম রাজা চৌধুরীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এছাড়াও কয়েস মিয়া একথা স্থানীয়দের জানানোর কারণে জোনায়েদ চৌধুরীর কর্মী সমর্থকেরা তাঁকে (কয়েস মিয়াকে) মারপিট করার হুমকি দিয়ে যাচ্ছেন।
অভিযুক্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোনায়েদ চৌধুরী মুঠোফোন রিসিভি না করায় বক্তব্য জানা যায়নি।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম রাজা চৌধুরী বলেন, ‘আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কয়েস মিয়াকে ভয়ভীতি দেখিয়ে একটি ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। যা কোনোভাবেই শুভনীয় নয়। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘দাপ্তরিক কাজে সুনামগঞ্জ রয়েছি। এমনটি হয়ে থাকলে তা গুরুত্বের সাথে দেখা হবে।’
মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকু-া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিম মাহমুদের পক্ষ হয়ে মধ্যনগর থানা পুলিশ সাইদুর রহমান নামের আরেক চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে লিখিত অভিযোগ হয়েছে। সাইদুর রহমান গেল ২৯ ডিসেম্বর বিকালে এই লিখিত অভিযোগ জেলা প্রশাসককে দেন।
অবশ্য আজিম মাহমুদ এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বলেন, সাইদুর রহমান নিজে আগে চুরি করেছেন, এখন ডাকাতি করেন, ৩০ ডিসেম্বর তিনি ইউনিয়নের চান্দালিপাড়ায় নৌকার অফিস ভাংচুর করেছেন। সন্ত্রাসী ও বহিরাগত মাস্তান নিয়ে তিনি এলাকায় সন্ত্রাস করেন। এসব অভিযোগ লিখিতভাবে পুলিশকে জানিয়েছি আমি।
সাইদুর রহমান বলেন, চান্দালিপাড়ার ঘটনা সাজানো, আমার সমর্থকদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। মধ্যনগর থানার সাব ইন্সপেক্টর আব্দুস সালাম’এর বিরুদ্ধে পুলিশের আইজি বরাবরে রোববার লিখিত অভিযোগ পাঠিয়েছি আমি।
মধ্যনগর থানার ওসি নির্মল দেব অবশ্য বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হতে কাজ করছে পুলিশ। মধ্যনগরে পরস্পর বিরোধী অভিযোগ আছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, কারো পক্ষে পুলিশের অবস্থান নয়। এ ধরণের অভিযোগও সত্য নয়।
শাল্লার বাহাড়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা সে¦চ্ছাসেবক লীগের সভাপতি বিশ^জিৎ চৌধুরী নান্টু শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী’র বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। রোববার উপজেলা প্রশাসনের নির্বাচনী সভায় তিনি এই অভিযোগ জানিয়ে বলেন, আলামিন চৌধুরী ইউনিয়নের দলিত সম্প্রদায়ের গ্রামে গিয়ে বলেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট না দিলে সরকারের দেওয়া সহায়তার ঘর এই গ্রামে হবে না।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমিন চৌধুরী এমন অভিযোগ প্রসঙ্গে বলেন, আমি শুনেছি এ ধরণের অভিযোগ উত্থাপন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দলের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার সভায় যাচ্ছি, বক্তব্য দিচ্ছি, যাব এটাই স্বাভাবিক। দলিত সম্প্রদায়ের গ্রামে এখনো প্রচারণায়ই যাই নি আমি।
জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বললেন, যেখানেই অনিয়মের অভিযোগ হচ্ছে, সংশ্লিষ্টরা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছেন।
জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বললেন, যেখানেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব খাটানোর বা অনিয়মের অভিযোগ হচ্ছে, প্রশাসন বাড়তি নজরদারি’র ব্যবস্থা গ্রহণ করেছে।