- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শেষ ম্যাচ জিতল প্রোটিয়ারা

সু.খবর ডেস্ক
দেশে ফেরার সময় এসে গেছে, হয়তো ব্যাগও গোছানো শেষ। এ ম্যাচে যে আর পাওয়ার কিছু নেই! আগেই বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় আজকের ম্যাচ নিয়ে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা দলেও খুব একটা আগ্রহ থাকার কথা ছিল না। না, বোধ হয় ভুল বলা হলো। এ ম্যাচ নিয়েও খানিকটা আগ্রহ ছিল। হারানো আত্মবিশ্বাস ও সম্মান ফিরে পাওয়ার ম্যাচ ছিল এটি। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সেই লড়াইয়ে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রোটিয়াদের ১২১ রানের লক্ষ্য দিয়েছিল লঙ্কানরা। হাশিম আমলার দারুণ ব্যাটিংয়ে ১৪ বল হাতে রেখেই লক্ষ্যটা পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ইনিংস ওপেন করতে নেমে ৫২ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন আমলা। দ্বিতীয় ওভারে দলকে ১৫ রানে রেখেই আউট হয়েছিলেন কুইন্টন ডি কক। এর পর ফাফ ডু প্লেসিকে নিয়ে ৬০ রানের জুটি আমলার। ডু প্লেসির বিদায়ের পর এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে ৪.৪ ওভারেই ৪৭ রান যোগ করে বাকিটা পথ পাড়ি দেন আমলা।
টস হেরে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কার শুরুটা অবশ্য দুর্দান্তই হয়েছিল। চাপমুক্ত হয়ে খেলার আনন্দেই হয়তো টুর্নামেন্টে প্রথমবারের মতো শ্রীলঙ্কান ওপেনারদের ব্যাটে ছিল ঝড়ের ইঙ্গিত। ৪.৪ ওভারেই ৪৫ রান তুলে ফেলেন তিলকরত্নে দিলশান-দিনেশ চান্ডিমাল। কিন্তু অ্যারন ফাঙ্গিসো টানা দুই বলে ফিরিয়ে দিলেন চান্ডিমাল ও থিরিমান্নেকে। এক প্রান্তে দিলশান থেকে যাওয়ায় খুব একটা অসুবিধায় পড়তে হয়নি শ্রীলঙ্কাকে। ১০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই ৭৭ রান করে ফেলেছিল দলটি।
এরপরই ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এঁদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক দিলশানও ছিলেন। তবে তাঁর ইনিংসটি প্রশংসার চেয়ে প্রশ্নই বেশি তুলেছে। ৩৬ রান নিতেই ৪০ বল খেলেছেন এই ওপেনার। শেষ ৯.৩ ওভারে মাত্র ৪৩ রান করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।
শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনকে কাজে লাগিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রায় সব বোলার। ডেল স্টেইন ছাড়া আর সবাই বল হাতে শাসন করেছেন। তবে এমন দিনেও ৪ ওভার বল করে ৩৩ রান দিয়েছেন স্টেইন। সূত্র: স্টার স্পোর্টস ও ক্রিকইনফো।

  • [১]